কাচিন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের ফের আলোচনা শুরু
মিয়ানমার সরকার ও কাচিন বিদ্রোহীদের মধ্যে গতকাল সোমবার চীনে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। মিয়ানমারের চলমান সংস্কার কার্যক্রমে বাধা হয়ে দাঁড়ানো তিক্ত জাতিগত সংঘাত অবসানে বিবদমান পক্ষগুলোর আগ্রহের প্রেক্ষাপটে এ আলোচনা শুরু হলো।চীনের সীমান্তবর্তী শহর রুইলিতে মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী অং মিনের নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যোগ দেন কাচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও) ও এর সশস্ত্র শাখা কেআইএর প্রতিনিধিরা।আলোচনা তদারকিতে নিয়োজিত ও কেআইওর সঙ্গে ঘনিষ্ঠ বিশ্লেষক অং কাইওয়া জ্য বলেন, ‘আমরা এই বৈঠক থেকে খুব বেশি কিছু আশা করি না। আমি মনে করি, এটি আগের বৈঠকের চেয়ে (ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত) খানিকটা ফলপ্রসূ হতে পারে।’স্বাধীনতাকামী কাচিন রাজ্য থেকে মিয়ানমারের সেনারা এখনো সরে যায়নি উল্লেখ করে অং কাইওয়া আরও বলেন, এই আলোচনায় চীনের কর্মকর্তারা এবং মিয়ানমারের অন্য জাতিগত গোষ্ঠীর কয়েকজন সদস্যও অংশ নিচ্ছেন।২০১১ সালের পর থেকে সরকার ও কাচিন বিদ্রোহীদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে অব্যাহত লড়াইয়ে দুই পক্ষেই প্রাণহানি হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতন-নিপীড়নের অভিযোগ করছে। এএফপি।