কাচিনে রক্তপাত বন্ধে সু চির সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে চলা সংঘর্ষ এবং রক্তপাত বন্ধে গতকাল শনিবার দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সহায়তা কামনা করেছেন মধ্যস্থতাকারীরা। দুই পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি সইয়ের লক্ষ্যে এই মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কয়েক দিন ধরে কাচিন বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর টানা বিমান হামলায় আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছে। কাচিন রাজ্যের রাজধানী মায়িতকায়না থেকে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ও শান্তি মধ্যস্থতাকারী ইয়ুপ জ্য কাউং বার্তা সংস্থা এএফপিকে বলেন, জাতিগত শান্তি প্রতিষ্ঠায় অং সান সু চিরও দায়দায়িত্ব রয়েছে। তিনি বলেন, সু চি নির্বাচনী প্রচারণায় যখন কাচিন এসেছিলেন, সে সময় তিনি শান্তির কথা বলেছেন। তিনি কাচিনের রক্তপাত এড়িয়ে যেতে পারেন না। তিনি জানান, এখানকার সহিংসতা অবসানে প্রেসিডেন্ট থেইন সেইন কিংবা বিরোধীদলীয় নেত্রী কেউই তাঁর চিঠির জবাব দেননি।১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর মিয়ানমারের কোনো কোনো অংশে গৃহযুদ্ধ দেখা দেয়। ইতিমধ্যে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়ে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর সেখানে দেওয়া প্রথম ভাষণে সু চি জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।কিন্তু পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন শুরু হলে নোবেল বিজয়ী নেত্রী সু চি তাঁদের সমর্থনে খোলাখুলি কিছুই বলেননি। এএফপি।