কাচিনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ গতকাল বৃহস্পতিবার অস্বীকার করেছে দেশটির সরকার।প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হতুত বলেন, ‘আমাদের সেনারা কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি। এ ছাড়া এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছাও আমাদের নেই। আমি মনে করি, কেআইএ (কাচিন ইনডিপেনডেন্ট আর্মি) ভুল করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।’ কাচিন বিদ্রোহীরা গত বুধবার জানায়, সম্প্রতি কেআইএর ঘাঁটি হিসেবে পরিচিত চীনের সীমান্তবর্তী লাইজা এলাকার নিয়ন্ত্রণ নিতে সেনারা সেখানে অভিযান চালায়।কেআইএর মুখপাত্র জেমস লুম দাউ বলেন, ‘ইতিমধ্যে তিন দিন কাচিন বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সেনারা। পরে তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো দখল করতে সক্ষম হয়। তাদের নিক্ষিপ্ত গোলাগুলো বিস্ফোরিত হওয়ার পর প্রচণ্ড গরমে সেনারা জ্ঞান হারিয়ে ফেলেন।’ তিনি আরও বলেন, ওই এলাকার আশপাশে সবাই এতে আক্রান্ত হয়। কিন্তু কেআইএর এই অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। ২০১১ সালের জুনে সরকার ও কেআইএ বিদ্রোহীদের মধ্যকার ১৭ বছর ধরে চলা অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। এর পর থেকে সংঘর্ষে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে চলে যায়। ২০১১ সালের শেষ দিকেও সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে বিদ্রোহীরা। এএফপি।