কাজ দিয়ে বিচার করুন: স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি

শিক্ষাগত যোগ্যতা নিয়ে কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী (এইচআরডি) স্মৃতি ইরানি। কাজ দিয়ে তাঁকে বিচার করার জন্য ভারতের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অজয় মাকেনের করা মন্তব্যের জবাব আজ রোববার দিয়েছেন স্মৃতি। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্মৃতি বলেছেন, ‘আমি বিনীতভাবে ভারতের জনগণকে অনুরোধ করব, আমাকে আমার কাজ দিয়ে বিচার করুন।’

সম্প্রতি টুইটারে একাধিক বার্তায় নরেন্দ্র মোদির মন্ত্রিসভা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন কংগ্রেস নেতা অজয় মাকেন। এর মধ্যে একটি বার্তায় এইচআরডিমন্ত্রী স্মৃতি ইরানিকে আক্রমণ করেন তিনি।

অজয় লিখেছেন, ‘মোদির কী এক মন্ত্রিসভা? এইচআরডিমন্ত্রী স্মৃতি ইরানি স্নাতকও নন! ভারতীয় নির্বাচন কমিশনের (ইসিআই) সাইটে ১১ নম্বর পৃষ্ঠায় তাঁর হলফনামা দেখুন।’

অজয়ের এই টুইটার বার্তা তাত্ক্ষণিকভাবে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্মৃতিকে নিয়ে করা অজয়ের মন্তব্যের নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কংগ্রেসের কোনো কোনো নেতাও ওই মন্তব্যের বিরোধিতা করেছেন।

স্মৃতি তাঁর জবাবে আরও বলেছেন, বাহ্যিক পারিপার্শ্বিকতা তাঁর কাজের মনোযোগ নষ্ট করছে।

২০০৪ সালে লোকসভা নির্বাচনের হলফনামায় স্মৃতি দাবি করেছেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে বিএ পাস করেছেন। ২০১১ সালে রাজ্যসভা নির্বাচনের হলফনামায় স্মৃতি তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন, ১৯৯৪ সালে তিনি বিকম পার্ট-১ শেষ করেছেন। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের হলফনামায়ও একই শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন তিনি।

এসব তথ্যের সূত্র ধরে কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি বলেছেন, ‘২০০৪ সালের হলফনামায় ১৯৯৬ বিএ শেষ করার দাবি করেছেন স্মৃতি। আবার ২০১৪ সালে হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিকম পার্ট-১ শেষ করার কথা লিখেছেন তিনি। তার মানে সেটা পূর্ণাঙ্গ ডিগ্রি নয়। ২০০৪ না ২০১৪ সালের তথ্য মিথ্যা? দুটি তথ্য তো আর সত্য হতে পারে না।’

প্রতিক্রিয়া: কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল বলেছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, তাঁর (ইরানি) সম্পর্কে এমন কথা বলা হয়েছে। স্মৃতি ইরানি পার্লামেন্টে হিন্দি ও ইংরেজিতে কথা বলেন। তাঁর যোগ্যতার কথা মাথায় রেখেছেন মোদি।’

পানিসম্পদমন্ত্রী উমা ভারতী স্মৃতির পক্ষ নিয়ে বলেছেন, ‘আমি ম্যাডাম সোনিয়া গান্ধীর কাছে জানতে চাই, তাঁর যোগ্যতা কী?’

সোনিয়াকে উদ্দেশ করে উমা ভারতী আরও বলেন, ‘তিনি (সোনিয়া) ইউপিএ সরকার চালিয়েছেন। সরকারকে নানা নির্দেশনা দিয়েছেন। তিনি কতটা যোগ্য, তা দেখতে আমি তাঁর সনদ দেখতে চাই। তারপর কংগ্রেসের লোকজন স্মৃতির যোগ্যতা নিয়ে প্রশ্ন করুক।’

অজয়ের ওই মন্তব্যের সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইটারে তিনি লিখেছেন, এইচআরডি মন্ত্রণালয় চালাতে কারও শিক্ষিত হওয়া দরকার—এ কথা অনেকটা বেসামরিক বিমান মন্ত্রণালয়ের জন্য পাইলট এবং কয়লা মন্ত্রণালয়ের জন্য একজন খনিশ্রমিক দরকার-ধাঁচের কথার মতো।

এ ছাড়া অনেকেই টুইটারে কংগ্রেস নেতার ওই মন্তব্যের সমালোচনা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক স্বপন দাসগুপ্ত টুইটারে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন? তিনি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত একজন এবং শিক্ষা সম্পর্কে তাঁর আলোকিত দৃষ্টিভঙ্গি ছিল।’

৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪ আসন।

ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে ২৬ মে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ওই দিনই ৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন তিনি।