প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা কাজ শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা তাদের প্রথম বৈঠক করে। গতকালই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রথম জোট সরকারের মন্ত্রিসভা চূড়ান্ত করেন ক্যামেরন। কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটস দলের এই জোট সরকারের সামনে বিশাল বাজেট ঘাটতি মোকাবিলাসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। গতকাল সকালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রথম যে নিয়মটি ঘোষণা করা হয়, তা হলো বৈঠকের সময় সদস্যরা মুঠোফোন সঙ্গে রাখতে পারবেন না। বৈঠকে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেন, বাজেট ঘাটতি বাকি সমস্যাগুলোকে ছাপিয়ে গেছে। এই ঘাটতি নিয়ন্ত্রণে মন্ত্রীরা তাঁদের বেতন পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়-বিষয়কমন্ত্রী ডেভিড উইলেটস বলেন, তাঁরা সময় নষ্ট করেননি। আর শিক্ষামন্ত্রী মাইকেল গোভ বলেছেন, বৈঠকে একটি সাধারণ লক্ষ অর্জনের বিষয়টিই উঠে এসেছে। তাঁরা জানান, বৈঠকে অর্থনীতি ও আফগান যুদ্ধ গুরুত্ব পেয়েছে।বৈঠকের সময় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জোট সরকারের শরিক লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা উপপ্রধানমন্ত্রী পদ পাওয়া নিক ক্লেগ মুখোমুখি বসেন। ক্যামেরনের পাশে বসেন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে কোনো দলই একা সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পাঁচ দিন দর কষাকষির পর জোট সরকার গঠন করা হয়।মন্ত্রিসভায় নিক ক্লেগসহ লিবারেল ডেমোক্র্যাটস দলের মোট পাঁচজন স্থান পেয়েছেন। বৈঠকের পর ক্যামেরন সরকারের অন্যান্য পদে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করেন। মন্ত্রিসভার বাকি লিব ডেম সদস্যরা হলেন, জ্বালানি ও জলবায়ু-বিষয়কমন্ত্রী ক্রিস হুনে, স্কটল্যান্ড-বিষয়কমন্ত্রী ড্যানি আলেক্সান্ডার, ব্যাংকিং/বাণিজ্যমন্ত্রী ভিন্স কেবল, চিফ সেক্রেটারি টু ট্রেজারি ডেভিড লজ।বৈঠকে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাববার চমৎকার সুযোগ পেয়েছি আমরা। সাম্প্রতিক বছরগুলোতে সবার মধ্যেই একটি আশঙ্কা ছিল, আগাম সাধারণ নির্বাচন হতে পারে। এর অর্থ হচ্ছে, সরকার দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু আমার মনে হয়, এখন আমরা একটি ভালো সুযোগ পেয়েছি।’ নিক ক্লেগ বলেন, ‘দুই দলের মধ্যে অনেক বিষয়ে সমঝোতা ও মতপার্থক্য রয়েছে।’ডেভিড ক্যামেরন আফগানিস্তান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সরকারের আলোচ্যসূচিতে এ বিষয়টি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলেন, আফগান রণাঙ্গনের পরিস্থিতি নিয়ে তিনি আগের সরকারের চেয়ে আরও নিয়মিতভাবে পার্লামেন্টকে অবহিত করার চেষ্টা করবেন।পররাষ্ট্রমন্ত্রী হেগ বলেন, তিনি খুশি। আন্তর্জাতিক সম্প্রদায় এ সরকারকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। বিবিসি, এএফপি।