কাজাখস্তানে পুলিশ-তেলশ্রমিক সংঘর্ষে নিহত ১২, জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানের পশ্চিম এলাকায় পুলিশের সঙ্গে তেলশ্রমিকদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত তিন দিনে সেখানে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সহিংসতাপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তেলশ্রমিকেরা কাজাখস্তানের পশ্চিম এলাকার ঝানাওজেন ও মানজিস্তাও এলাকায় কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছিলেন। গত শুক্রবার খনিজ সম্পদসমৃদ্ধ ঝানাওজেন এলাকায় আন্দোলনকারীরা একটি ক্রিসমাস ট্রি এবং স্বাধীনতা দিবস উদ্যাপনে আয়োজিত একটি অনুষ্ঠানের সরঞ্জামে আগুন ধরিয়ে দিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গুলিতে ১১ আন্দোলনকারীর মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ ওই এলাকায় ২০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। তবে জরুরি অবস্থা জারির পর আন্দোলনকারীরা ওই দিন রাতেই তেলসমৃদ্ধ মানজিস্তাও এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালালে একজন নিহত এবং ১২ জন আহত হন।কাজাখস্তানের রাষ্ট্রীয় কৌঁসুলিদের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারীরা গতকাল রোববার কাস্পিয়ান সাগর এলাকার আকাতু শহর থেকে ৬০ মাইল দূরের একটি স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেন থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া স্টেশনটির পাশের একটি গ্রামেও তাঁরা ভাঙচুর চালাতে উদ্যত হন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে আন্দোলনকারীদের আক্রমণের শিকার হয়। ফলে বাধ্য হয়েই পুলিশ তাঁদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে ঝানাওজেন শহরের সব যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রেডিও বা এ জাতীয় যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর প্রবেশ রাস্তাগুলোতে কর্তৃপক্ষ পাহারা বসিয়ে পরিচয় যাচাই সাপেক্ষেই কেবল মানুষকে শহরে ঢুকতে দিচ্ছে।কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ আন্দোলন-কারীদের ‘গুন্ডা’ আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং স্থানীয় শান্তিকামী বাসিন্দাদের ওপর হামলা করতে তাদের ভাড়া করা হয়েছে।তবে বিরোধী সমাজতন্ত্রপন্থীদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে নিরস্ত্র জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের তীব্র সমালোচনা করা হয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।