কাজাখস্তানের আলোচনা মতৈক্য ছাড়াই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। এ বিষয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে গতকাল শনিবার উভয় পক্ষ আলমাতি নগরে দ্বিতীয় ও শেষ দিনের বৈঠকে বসে। এ আলোচনায় বিশেষ অগ্রগতির প্রত্যাশা অবশ্য কেউই তেমন একটা করছিল না। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বলা হয়, উভয় পক্ষের অবস্থানের মধ্যে এখনো ‘বিস্তর ব্যবধান’ রয়ে গেছে। দুই দিনের আলোচনায় ইরানকে তার ওপর আরোপিত কঠিন আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে কিছু দাবি মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন সাংবাদিকদের বলেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে মূল বিষয়বস্তুর ওপর দুই পক্ষের অবস্থানের এখনো বিরাট ব্যবধান রয়ে গেছে।... কাজেই আমরা যার যার রাজধানীতে ফিরে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করে দেখতে একমত হয়েছি।’ রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও স্বীকার করেন, আলোচনায় ‘ফল আসেনি’। আগামী পর্যায়ের আলোচনার সময় বা তারিখ স্থির হয়নি বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে ইরানের প্রধান আলোচক সাঈদ জলিলি বলেন, ‘আমরা একটি কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছি। ওই পক্ষ বলেছে, তারা প্রস্তুত নয় এবং এটি খতিয়ে দেখতে তাদের কিছু সময় দরকার।’গতকাল দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় ইরানের প্রধান আলোচক সাঈদ জলিলি ও ইইউর কর্মকর্তা ক্যাথরিন অ্যাশটনের আলোচনার মধ্য দিয়ে। পরে ইরানের আলোচকেরা ‘পি৫+১’ নামে পরিচিত ছয় বিশ্বশক্তির সঙ্গে পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দেন। পি৫+১-এ রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।পশ্চিমা-সমর্থিত ছয় বিশ্বশক্তির ধারণা, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবর জোর দিয়ে বলছে, এ কর্মসূচির লক্ষ্য পুরোপুরি শান্তিপূর্ণ। গত ফেব্রুয়ারিতে কাজাখস্তানেই অনুষ্ঠিত আগের বৈঠকে ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা এবং ভূগর্ভস্থ ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে দেওয়ার জন্য ইরানের প্রতি দাবি জানিয়েছিল ছয় বিশ্বশক্তি। বিবিসি ও এএফপি।