কাজাখস্তানের প্রেসিডেন্টকে ‘জাতীয় নেতা’ ঘোষণা
কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভকে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে দেশের ‘জাতীয় নেতা’ (লিডার অব দ্য নেশন) ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে অনেকে রাজনীতি থেকে নাজারবায়েভের ধীরে ধীরে বিদায় নেওয়ার আভাস বলে মনে করছেন। রাষ্ট্রীয় পত্রিকা কাজাখস্তান প্রাভদা-এ প্রকাশিত খবর বলা হয়, পার্লামেন্টে উত্থাপিত এ-সংক্রান্ত বিলে দেশের প্রধানমন্ত্রী করিম মাসিমভ এই বিলে স্বাক্ষর করার তা আইনে পরিণত হয়। পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারও এতে স্বাক্ষর করেন। জাতীয় নেতা হওয়ায় ক্ষমতা থেকে অবসর নেওয়ার পরও নাজারবায়েভ দেশের নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারবেন। তাঁর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়াও কার্যকর হবে না। ৬৯ বছর বয়সী নাজারবায়েভ ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। কিন্তু তাঁর উত্তরাধিকারী নিয়ে সংশয় রয়েছে। এই অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত কাজাখস্তান একটি তেল সমৃদ্ধ দেশ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর বিনিয়োগকারীরা সে দেশে ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ লগ্নি করেছেন। এ জন্য নাজারবায়েভের উত্তররাধিকারী নির্বাচনের বিষয়টি বিনিয়োগকারীদের কাছে জরুরি বিষয়।রাজনৈতিক বিশ্লেষক দোসিম সাতপায়েভ বলেন, এটি রাজনৈতিক ক্রীড়ানকদের কাছে প্রেসিডেন্টের একটি সংকেত। আর তা হচ্ছে, ‘উত্তরাধিকারী নিয়ে ভেবো না তোমরা। একজন উত্তরাধিকারী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।’ তিনি বলেন, নাজারবায়েভকে জাতীয় নেতা ঘোষণার মাধ্যমে যে আইন প্রতিষ্ঠিত হলো, এটি তাঁকে ক্ষমতা ত্যাগ ও হস্তান্তরের ব্যাপারে একটি পরিকাঠামো গড়ে তোলার সুযোগ দেবে। এর আগে এ ধরনের কোনো পরিকাঠামো ছিল না। রয়টার্স।