কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের বিরুদ্ধে গতকাল শনিবার বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভের সময় রাজপথে প্রচুর পুলিশের উপস্থিতি থাকলেও তা আমলে নেয়নি বিক্ষোভকারীরা। দেশটির সাবেক রাজধানী ও বৃহত্তম শহর আলমাতির রিপাবলিক স্কয়ারের এক প্রান্তে শনিবার অন্তত হাজার খানেক বিক্ষোভকারী সমবেত হয়। কঠোরভাবে নিয়ন্ত্রিত কাজাখ সমাজে এ রকম বড় ধরনের বিক্ষোভ সচরাচর দেখা যায় না। বিক্ষোভকারীরা দেশটির লৌহমানব নামে পরিচিত ক্ষমতাসীন প্রেসিডেন্ট নুরসুলতানের বিরুদ্ধে অবজ্ঞামূলক স্লোগান দেয়। তারা আইনসভার নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে।‘স্বাধীনতা চাই’, ‘নাজারবায়েভ বিদায় হও’—এমন স্লোগান ছিল বিক্ষোভকারীদের মুখে মুখে। তবে কর্তৃপক্ষের কাছ থেকে ওই বিক্ষোভ মিছিলের অনুমতি নেওয়া ছিল না। এর ফলে পুলিশ স্কয়ারের চারপাশে খাড়াভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাতে বিক্ষোভকারীরা এর কেন্দ্রে প্রবেশ করতে না পারে।স্কয়ারসংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৫০০ সদস্য উপস্থিত ছিল। দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। স্কয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের মিছিলে কোনো বাধা দেয়নি। তবে প্রতিবন্ধক ভেঙে স্কয়ারের ভেতরে প্রবেশ করার সময় কয়েকজন বিক্ষোভকারীকে বাধা দিয়েছে নিরাপত্তা সদস্যরা। প্রায় এক ঘণ্টা ওই বিক্ষোভ চললেও পুলিশ কাউকে আটক করেনি।অপেক্ষাকৃত ধনী দেশ কাজাখস্তানকে মধ্য এশিয়ার সবচেয়ে স্থিতিশীল এবং বিদেশি বিনিয়োগের জন্য উৎকৃষ্ট স্থান হিসেবে বিবেচনা করা হয়। আরও বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গত বছর দেশটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।ইসলামি বিশ্বের জন্য আধুনিক নেতৃত্বের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে অনেকেই নুরসুলতান নাজারবায়েভের প্রসঙ্গ টেনে আনে। তবে তাঁর বিরুদ্ধে নানা সমালোচনাও রয়েছে। বিশেষ করে, তাঁর শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার নামে দীর্ঘদিন ধরে তিনি মানবাধিকারকে উপেক্ষা করছেন বলে সমালোচকেরা অভিযোগ করেছেন।আইনসভার নির্বাচনে জালিয়াতির অভিযোগে দেশটির বিরোধী দল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। তবে এ বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে গত কয়েক দিনে তিনজন প্রভাবশালী বিরোধীদলীয় নেতাকে আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির নির্বাচনে নাজারবায়েভের নুর ওতান পার্টি মোট ভোটের ৮১ ভাগ পেয়েছে। বিরোধী দলের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচনটি ‘গণতান্ত্রিক নির্বাচনের মৌলিক নীতি’ পূরণে ব্যর্থ হয়েছে। এএফপি।