যুক্তরাষ্ট্রের সরকারি সেবা খাতগুলোতে বাজেট বরাদ্দ নিয়ে অচলাবস্থার নিরসন হওয়ার পর গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট সরকারি কর্মীরা। টানা ১৬ দিন অচলাবস্থা চলার পর এ দিন সমঝোতায় পৌঁছান মার্কিন আইনপ্রণেতারা। সরকারের ঋণসীমা নিয়েও আপাতত সমাধান মিলেছে। তবে বাজেটবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য রয়ে গেছে।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের মধ্যে দফায় দফায় আলোচনার পর বৃহস্পতিবার অচলাবস্থা নিরসন-সংক্রান্ত বিল কংগ্রেসে পাস হয়। কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে বিলটির পক্ষে ৮১ ও বিপক্ষে ১৮টি ভোট পড়ে। অন্যদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলের পক্ষে পড়ে ২৮৫ ভোট। বিপক্ষে পড়ে ১৪৪ ভোট।
মার্কিন সরকারি ঋণসীমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ওই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন এই আইনের ফলে সেবা খাতগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে ১৫ জানুয়ারি পর্যন্ত অর্থ সংকট হবে না। আর সরকারের ১৬ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের ঋণসীমার মেয়াদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
১৬ দিন ধরে অচলাবস্থার কারণে জাতীয় পার্ক, পরিবেশ সুরক্ষাবিষয়ক সংস্থা, মহাকাশ গবেষণা সংস্থাসহ (নাসা) বেশ কিছু সেবা ও অন্যান্য খাতের কার্যক্রম বন্ধ থাকে। এ কারণে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আট লাখের বেশি কর্মী কাজ ও বেতনবঞ্চিত ছিলেন। কংগ্রেসে পাস হওয়া বিলে প্রেসিডেন্ট ওবামার স্বাক্ষরের পরদিন থেকে কাজে যোগ দেন তাঁরা।
শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানোয় আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। তবে তিনি বলেন, ১৬ দিনের অচলাবস্থা ও ঋণসীমা নিয়ে চাপ সৃষ্টি হওয়ায় মার্কিন অর্থনীতি অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত হলো। ওবামা বলেন, এই পরিস্থিতিতে কারোরই জয় হয়নি।
সেবা খাতের অচলাবস্থা ও ঋণসীমা নিয়ে আপাতত মতৈক্য হলেও বাজেটবিষয়ক নানা বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের দ্বন্দ্ব রয়ে গেছে। এই দ্বন্দ্বগুলো নিরসনে দুই দলের আইনপ্রণেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে দীর্ঘমেয়াদি বাজেটের বিষয়ে দুই দলের আইনপ্রণেতাদের অবস্থান কাছাকাছি নিয়ে আসা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে কংগ্রেসকে অবহিত করতে হবে। অবশ্য কট্টরপন্থী রিপাবলিকানরা ইতিমধ্যে তাঁদের অবস্থানে আরও দৃঢ় থাকার ঘোষণা দিয়েছেন। মূলত ওবামার আলোচিত স্বাস্থ্যসেবা সংস্কার আইনের জের ধরেই এই অচলাবস্থার শুরু।
জাপানের সতর্ক প্রতিক্রিয়া: অচলাবস্থা নিরসনে সমঝোতা হওয়াকে স্বাগত জানিয়েছে জাপান। তবে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির এ দেশটি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সতর্কও করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
জাপানের অর্থমন্ত্রী তারো আসো বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সমঝোতাকে স্বাগত জানাই। তবে এমন পরিস্থিতি এড়াতে সাময়িক নয়, স্থায়ী সমাধান খুঁজতে হবে ওয়াশিংটনকে।’ বিবিসি, আল-জাজিরা ও রয়টার্স।