কাঠবিড়ালি খসাল তিন লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও?’—চঞ্চল এই আদুরে প্রাণীটির কচাকচ ফলপাকড় সাবাড় করতে জুড়ি নেই। যুক্তরাষ্ট্রের এক কমিউনিটি সেন্টারে এই দাঁতের বাহাদুরি দেখাতে গিয়ে একটি কাঠবিড়ালি এমন বিপত্তি ঘটিয়েছে, যার মাশুল গিয়ে ঠেকেছে তিন লাখ মার্কিন ডলারে (দুই কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা)।
পিটিআইয়ের খবরে জানানো হয়, কাঠবিড়ালিটি ওই কমিউনিটি সেন্টারের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও বয়লার ব্যবস্থার বেশ কিছু যন্ত্রপাতি কেটে নষ্ট করে ফেলেছে। এ যন্ত্রপাতিগুলো আগামী জুনে চালু করার কথা ছিল।
কমিউনিটি সেন্টার সূত্রে জানা গেছে, মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় তাদের তিন লাখ মার্কিন ডলার (দুই কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা) লোকসান হয়েছে। তবে ইনস্যুরেন্স কোম্পানি তাদের এ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে। আর যন্ত্রপাতিগুলো যথাসাধ্য মেরামতের কাজ চলছে, যাতে সময়মতো ব্যবহার করা যায়।
তবে যার জন্য এত কাণ্ড, সেই দুষ্টু কাঠবিড়ালিটি আর বেঁচে নেই।