কাতার ও আরব লিগের বিরুদ্ধে সিরিয়ার ক্ষোভ
কাতার ও আরব লিগের বিরুদ্ধে গতকাল বুধবার তীব্র ক্ষোভ জানিয়েছে সিরিয়া। ২১ থেকে ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার আসনে সে দেশের বিদ্রোহী জোটকে প্রতিনিধিত্ব করতে দেওয়ায় দেশটি এ ক্ষোভ জানিয়েছে।প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, এ অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থকদের বৃহত্তম প্রশ্রয়দাতা কাতারের আমির তেল ও অর্থে বিপথগামী হয়েছেন। তিনি আরব লিগকে ছিনতাইয়ের মধ্য দিয়ে সংস্থাটির সভাপতির পদকে ব্যবহার করা শুরু করেছেন।বার্তা সংস্থাটি আরও বলেছে, উপসাগরীয় আরব দেশ ও পশ্চিমাদের স্বার্থ রক্ষায় মঙ্গলবার শীর্ষ সম্মেলনে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে (বিদ্রোহীদের জোট) সিরিয়ার আসনে বসতে দিয়ে আরব লিগ তার মূল্যবোধের সঙ্গে সমঝোতা করেছে।বিদ্রোহীদের তীব্র সমালোচনা করে সানা বলেছে, কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি তথাকথিত ওই জোটকে আমন্ত্রণ জানিয়ে ও সিরিয়ার আসন জবরদখল করতে দিয়ে আরব লিগের চুক্তির ঘোর লঙ্ঘন করেছেন।কাতার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে এবং অস্ত্র-সহায়তা দিচ্ছে বলে ধারণা করা হয়। বিদ্রোহীরা উপসাগরীয় দেশ ও অন্য বিদেশি শক্তির কাছ থেকে সহায়তা পাচ্ছে বলেও সিরীয় প্রেসিডেন্ট আসাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন।প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের শুরুটা দুই বছর আগে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হয়। তবে পরে তা ভয়াবহ গৃহযুদ্ধের আকার ধারণ করে। গৃহযুদ্ধে ইতিমধ্যে ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এদিকে বিশ্বশক্তিগুলোর মতোই আরব দেশগুলোও সিরিয়া-সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছে। আলজেরিয়া, ইরাক ও লেবাননের মতো আরব দেশগুলো আসাদের শাসনের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়ার তীব্র বিরোধিতা করছে। তবে সৌদি আরব, কাতার ও অপর কয়েকটি দেশ সিরিয়ার সুন্নি মুসলিম বিদ্রোহীদের সমর্থন দিয়েছে। রয়টার্স।