কাতারে আসাদ বিরোধীদের আলোচনা শুরু
সিরিয়ার সরকারবিরোধী পক্ষগুলোর মধ্যে গতকাল রোববার কাতারের রাজধানী দোহায় চার দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত সব পক্ষকে প্রতিনিধিত্ব করে, এমন একটি সুসংহত বিরোধী পক্ষ তৈরি করাই হচ্ছে এই আলোচনার মূল লক্ষ্য।প্রধান বিরোধী পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) সব বিরোধীদের প্রতিনিধিত্ব করে না এবং সরকারের বিরুদ্ধে লড়াইরত সব পক্ষকে এক করতেও ব্যর্থ হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া বিরোধীরা আদর্শিকভাবেও বিভক্ত। তবে যুক্তরাষ্ট্রের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এসএনসি। যুক্তরাষ্ট্রের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তারা বলেছে, এসএনসিকে পাশ কাটিয়ে বা বাদ দিয়ে অন্য কোনো সংগঠন গড়ার চেষ্টা করা হলে তা সিরিয়ার চলমান বিদ্রোহকে দুর্বল করবে।দোহা আলোচনায় বিরোধী সব পক্ষকে নিয়ে একটি প্রবাসী সরকারের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, দীর্ঘদিনের ভিন্নমতাবলম্বী নেতা রিয়াদ সাইফকে প্রধান করে সিরিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ নামে নতুন একটি প্রবাসী সরকার গঠন করতে। সাইফসহ অন্যান্য শীর্ষস্থানীয় বিরোধী নেতা গত বৃহস্পতিবার আম্মানে এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁরা আসাদবিরোধী সব পক্ষকে প্রতিনিধিত্ব করে—এমন একটি নতুন সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন। ওই বৈঠকে এসএনসির কয়েকজন সদস্য, সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব, মুসলিম ব্রাদারহুডের আলি সদরুদ্দিন বায়ানুনি এবং কুর্দি ও উপজাতি প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে নেতারা সম্ভাব্য নতুন বিরোধী পক্ষের আসাদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আম্মান বৈঠকের পর সাবেক প্রধানমন্ত্রী হিজাবের মুখপাত্র মোহাম্মদ আল-ওত্রি বলেন, সব বিরোধীদের প্রতিনিধিত্ব করে এমন একটি নতুন রাজনৈতিক সংগঠন সৃষ্টির ব্যাপারে সবাই সায় দিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত নতুন বিরোধী পক্ষে এসএনসির ১৪ জন নির্বাহী ও কুর্দিশ ন্যাশনাল কাউন্সিলের তিনজন সদস্য ছাড়াও মাঠপর্যায়ের কর্মী, যোদ্ধা, ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় নেতাদের প্রতিনিধিরা থাকবেন।ওত্রি বলেন, নতুন বিরোধী পক্ষ হবে নিঃসন্দেহে প্রবাসী সরকারের আদলে। কিন্তু এই সরকার এসএনসিকে বাদ দিয়ে হবে কি না, তাই এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়।সম্ভাব্য সরকারের প্রধান ভিন্নমতাবলম্বী নেতা সাইফ বলেন, সিরীয় সরকারের বিকল্প ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। আসাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নতুন রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আসাদের পতনের পর সব সিরীয়র প্রতিনিধিত্বশীল জাতীয় পরিষদ গঠন করা হবে।যুক্তরাষ্ট্র আশা করছে, নতুন নেতৃত্ব বিচ্ছিন্ন বিরোধী পক্ষগুলোকে একত্র করতে সাহায্য করবে এবং চলমান বিদ্রোহের সফল অবসান ঘটাবে। ২০১১ সালের মার্চে আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৬ সহস্রাধিক লোক নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক। এএফপি ও বিবিসি