কাতারে উন্নয়নকাজ পেতে চান বিন লাদেনের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার। বিশাল এই আয়োজনকে সামনে রেখে অবকাঠামোগত বেশ কিছু উন্নয়নকাজে হাত দিচ্ছে দেশটি। আর সেই কাজ পাওয়ার চেষ্টা করছেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন।কাতার বিন লাদেন গ্রুপের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন ওমর। তিনি স্পেনের নামকরা নির্মাতা প্রতিষ্ঠান কপরোসার সঙ্গে অংশীদারির ভিত্তিতে বিসি গ্রুপ নামে নতুন কোম্পানি তৈরি করেছেন। এই কোম্পানি হবে কাতারের রাজধানী দোহাভিত্তিক। এতে ওমরের বিন লাদেন গ্রুপের ৫১ শতাংশ ও কপরোসার ৪৯ শতাংশ মালিকানা থাকবে। গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর এ কথা জানান।ওমর দুই বছর আগে কাতার বিন লাদেন গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির সঙ্গে সৌদি আরবের বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপের কোনো সম্পর্ক নেই। মূলত বিশ্বকাপের আগে কাতারের অবকাঠামাগত উন্নয়নকাজ পাওয়ার লক্ষ্যেই বিসি গ্রুপ প্রতিষ্ঠা করেন ওমর।ওমর বলেন, ‘আমরা দোহার মেট্রো রেল ও কাতারের অন্যান্য দ্রুতগতির রেল প্রকল্পে যুক্ত হতে চাই। পাশাপাশি পানির প্রকল্পগুলোতেও যুক্ত হওয়ার ইচ্ছা আছে। আশা করি, চলতি মাস শেষ হওয়ার আগেই আমরা প্রকল্প প্রস্তাব জমা দিতে পারব।’ ওমর বলেন, ‘কাতারের এসব কাজ আগামী ১০ বছরের মধ্যেই হবে। তাই এই সময়ের মধ্যে আমরা যতটা সম্ভব কাতারের সঙ্গে সম্পৃক্ত হতে চাই।’ দোহা মেট্রো রেল প্রকল্পে চারটি রেললাইন যুক্ত হবে। এসব রেললাইন সংযোগ থাকবে ফুটবল স্টেডিয়ামের সঙ্গে। কাতারে এসব অবকাঠামো নির্মাণের সময় ২০ হাজার শ্রমিক প্রয়োজন হবে। রয়টার্স।