কাতারে দূত নিয়োগের জন্য সিরিয়ার বিরোধী জোটের প্রতি আহ্বান
সিরিয়ার সরকারবিরোধী সংগঠনগুলোর নতুন জোটের পক্ষ থেকে দোহায় একজন দূত নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। ওই জোটের প্রতিনিধিকে গ্রহণ করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে দেশটি। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এ খবর প্রকাশ করে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী নতুন জোটকে সমর্থনকারী প্রধান দেশগুলোর মধ্যে কাতারও রয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট আসাদ হিমশিম খাচ্ছেন। ওই গণবিক্ষোভে এ পর্যন্ত ৩৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সিরিয়ার জনগণের আশা পূরণ করতে সরকারবিরোধী জোটকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে কাতার।সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভকারী বিভিন্ন পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। তবে তারা আন্তর্জাতিক চাপের মুখে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রতি একটি জোট গঠন করেছে। ওই নতুন জোটের প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও উপসাগরীয় অঞ্চলের ছয়টি আরব দেশ ইতিমধ্যেই তাদের সমর্থন জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ জানিয়েছে, গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য ওই জোটকে আরও সময় দেওয়া প্রয়োজন। রয়টার্স।