কাতারে নাগরিকত্ব গ্রহণ করছেন ফিদা হুসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে কাতার সরকার নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে ভারত সরকার তাঁকে তাঁর নিজ দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে। তাঁকে দেশে ফেরানোর জন্য গত শনিবার ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশনও জমা পড়েছে। পিটিশনের আবেদনকারী শিল্পীকে নিজ দেশে ফিরিয়ে আনার জন্য যাতে ভারত সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়, আদালতের কাছে সেই আরজি জানিয়েছেন।শিল্পী ফিদা হুসেন চার বছর ধরে হিন্দু মৌলবাদীদের হুমকি ও একাধিক মামলার কারণে স্বেচ্ছানির্বাসনে মধ্যপ্রাচ্যে রয়েছেন। কয়েক বছর আগে তিনি হিন্দু দেবদেবীর বেশ কিছু নগ্ন ছবি এঁকেছিলেন, যেগুলোকে হিন্দুরা ভালো চোখে নেয়নি। ভারতের নানা জায়গায় ওই সময় তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তাঁর প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। সম্প্রতি কাতার সরকার তাঁকে নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছে। শিল্পী হুসেন সেই নাগরিকত্ব গ্রহণে সম্মতি জানিয়েছেন বলে তাঁর ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এ খবরে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেছেন, হুসেন ভারতে ফিরে এলে তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এদিকে গতকাল এক টিভি চ্যানেলে হুসেন-পুত্র ওয়াইস হুসেন বলেছেন, ৯৫ বছর আগে হুসেন মহারাষ্ট্রে জন্মেছেন। স্বাধীন ভারতের থেকেও তিনি প্রবীণ। ভারতের সঙ্গে তাঁর নাড়ির যোগ। রামায়ণ নিয়ে তিনি কাজ করেছেন। ভারত তাঁর শিল্পের সবটা জুড়ে রয়েছে। একজন মানুষকে অনায়াসে তাড়িয়ে দেওয়া যায় কিন্তু তার মন থেকে দেশকে আলাদা করা যায় না। ওয়াইস আবারও স্মরণ করিয়ে দেন যে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি তাঁর বাবার ক্যানভাসে বারবার নতুনতর মাত্রা পেয়েছে।