কাতারে মজুরি না পেয়ে খাদ্যসংকটে একদল শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক প্রায় বিনা মজুরিতে এক বছর ধরে কাজ করছেন। এখন তাঁরা অনাহারের মুখে পড়েছেন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
২০২২ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য কাতারকে বাছাই করার পর থেকেই দেশটি শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে।
অ্যামনেস্টির বিবৃতিতে উল্লেখ করা শ্রমিকদের ওই দলে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন। তাঁরা কাতারের রাজধানী দোহার আল-বিদা টাওয়ারের ৩৮ ও ৩৯ নম্বর তলায় কাজ করছেন।
অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি বলেন, মজুরি না পাওয়ায় ওই শ্রমিকেরা নিজেদের খাবার পর্যন্ত কিনতে পারছেন না। কারণ, প্রায় এক বছর ধরে তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে সরকার বা নির্মাতা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। এএফপি।