কাতারে শ্রমিকদের সঙ্গে পশুর মতো আচরণ

কাতারে অভিবাসী শ্রমিকদের সঙ্গে ‘পশুর মতো আচরণ’ করা হয় বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়, কাতারে ২০২২ সালে অনুষ্ঠেয় ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য স্টেডিয়াম নির্মাণের কাজে যোগ দেওয়া শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। অনেক অভিবাসী শ্রমিককে মজুরি দেওয়া হয়নি। খুব অস্বাস্থ্যকর স্থানে তাঁদের রাখা হয়। কর্মপরিবেশও ছিল ভয়ানক। একজন ব্যবস্থাপক এই শ্রমিকদের ‘পশু’ বলে সম্বোধন করতেন।
তবে কাতারের কর্তৃপক্ষ এখনো অ্যামনেস্টির প্রতিবেদনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কাতারের কর্মকর্তারা বলেন, বিশ্বকাপ আয়োজনের জন্য নির্মাণকাজসহ বিভিন্ন কাজে জড়িতদের কর্মপরিবেশের উন্নয়ন করা হবে।
‘দ্য ডার্ক সাইড অব মাইগ্রেশন: স্পটলাইট অন কাতারস কনস্ট্রাকশন সেক্টর অ্যাহেড অব দ্য ওয়ার্ল্ড কাপ শিরোনামে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদন তৈরির আগে তাদের পক্ষ থেকে ২১০ জন শ্রমিক, মালিক ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়। শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে গরু-ছাগলের মতো আচরণ করা হয়েছে। তাঁদের প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়। সাপ্তাহিক কোনো ছুটি ছিল না। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমের মধ্যেও তাঁদের কাজ করে যেতে হয়েছে। অথচ কিছু অভিবাসী শ্রমিককে কোনো মজুরি দেওয়া হয়নি। উল্টো হুমকি দেওয়া হয়, বিনা পারিশ্রমিকে কাজ অব্যাহত না রাখলে ওই শ্রমিকদের মোটা অঙ্কের জরিমানা করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে দোহার প্রধান হাসপাতালের একজন মুখপাত্র অ্যামনেস্টিকে জানান, গত বছর সহস্রাধিক শ্রমিককে হাসপাতালের ট্রমা ইউনিটে ভর্তি করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকাংশই দক্ষিণ এশিয়ার। তাঁদের ১০ শতাংশ শ্রমিক ইতিমধ্যে পঙ্গু হয়ে পড়েছেন।
অ্যামনেস্টির মহাসচিব সলিল শেটি বলেন, কাতারে শ্রমিকদের সঙ্গে ভয়ংকর প্রতারণা করা হয়েছে। অনেকে নির্যাতন সয়ে কোনো রকমে বেঁচে আছেন। বিশ্বের সেরা ধনী দেশের একটি এই কাতারে শ্রমিক নির্যাতনের এ ঘটনা ক্ষমার অযোগ্য।
সলিল শেটি বলেন, বিশ্বকাপ আয়োজন উপলক্ষে নির্মাণকাজে মানবাধিকার লঙ্ঘন হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না—ফিফা থেকে কাতারের কাছে এমন কঠোর বার্তা পাঠানো উচিত।
গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে কাতারের নির্মাণশ্রমিকদের ‘আধুনিক যুগের দাস’-এর সঙ্গে তুলনা করা হয়েছিল। এই প্রতিবেদন সারা বিশ্বে তখন হইচই ফেলে দিয়েছিল। বিবিসি।