কাতারের নীতি পরিবর্তন করতে হবে: সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল-ফয়সাল বলেছেন, কাতার তার নীতি পরিবর্তন না করলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমস্যার সমাধান হবে না। গতকাল মঙ্গলবার সৌদি গণমাধ্যমে তাঁর এই মন্তব্য প্রকাশিত হয়।
মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দিচ্ছে অভিযোগ তুলে ৫ মার্চ কাতার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে সৌদি আরব। সৌদি আরবের সঙ্গে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন।
ওই পদক্ষেপ নেওয়ার পর বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এর আগেই ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে সৌদি আরব।
সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা আল-হায়াত পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানায়, কাতারের যে নীতির কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে, সেই নীতি থেকে সরে না এলে নতুন কিছু ভাবা হবে না।
কাতার শুরু থেকেই ব্রাদারহুডকে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে; একই সঙ্গে নিজেদের বর্তমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে দেশটি। এএফপি।