কাতিন হত্যাযজ্ঞের নথি পোল্যান্ডের কাছে হস্তান্তর করেছে রাশিয়া
কাতিন হত্যাযজ্ঞসংক্রান্ত ২০টি নথি আনুষ্ঠানিকভাবে পোল্যান্ডের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার কাতিনে পোল্যান্ডের প্রায় ২২ হাজার সেনাকে হত্যা করা হয়েছিল। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয়ের আন্তর্জাতিক আইনি সহযোগিতাবিষয়ক-প্রধান সাক কারাপেতান গতকাল বৃহস্পতিবার মস্কোয় পোল্যান্ডের দূতাবাসের কর্মকর্তা পিওট মার্সিনিয়াকের কাছে এসব নথি হস্তান্তর করেন। নথিতে পোল্যান্ডের সেনাদের বন্দিশিবিরে পাঠানো, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ ও মৃত্যুর সনদসহ অনেক বিষয় রয়েছে বলে জানানো হয়েছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোপন পুলিশ বাহিনী ১৯৪০ সালে পোল্যান্ডের প্রায় ২২ হাজার সেনাকে গুলি করে হত্যা করে। বর্তমান রাশিয়ার পশ্চিমাঞ্চলে স্মলেনস্কের কাছে কাতিন বনে এ হত্যাযজ্ঞ চলে।রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মে মাসে কাতিন হত্যাযজ্ঞ-সংক্রান্ত সব গোপন নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাশিয়ার সামরিক কৌঁসুলিরা ২০০৪ সালে কাতিন হত্যাযজ্ঞ সম্পর্কে তদন্ত বন্ধ করে দেন। তাঁরা একে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ বলে মেনে নিতে অস্বীকার করেন।১৯৪০ সালের পর থেকে কয়েক দশক পর্যন্ত রাশিয়া ওই হত্যাযজ্ঞের জন্য জার্মানির নাৎসি বাহিনীর ওপর দোষ চাপিয়ে আসছিল। তবে ১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ স্বীকার করেন, স্তালিনের গোপন পুলিশ বাহিনীর হাতেই পোল্যান্ডের সেনারা নিহত হন। এএফপি।