পাকিস্তানের একটি আদালত গতকাল সোমবার বলেছেন, পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খান মুক্ত মানুষ। তবে তাঁর চলাফেরার তথ্য নিরাপত্তা সংস্থাগুলোকে আগাম জানাতে হবে।এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আবদুল কাদির খানকে মুক্ত মানুষ হিসেবে ঘোষণা করেন আদালত। অন্য দেশের কাছে পরমাণু তথ্য পাচারের অভিযোগে তাঁকে পাঁচ বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল।কিন্তু সে সময় তাঁকে দেওয়া নিরাপত্তাব্যবস্থার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেন ৭৩ বছর বয়সী এ পরমাণুবিজ্ঞানী। গতকাল লাহোর হাইকোর্ট কাদের খানকে মুক্ত মানুষঘোষণা দিয়েকার্যত ২০০৯ সালে দেওয়া রায় বহাল রাখলেন। সরকারি আইনজীবী আহমার বিলাল সুফি বলেন, ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আদালত। কাদির খান যদি তাঁর ইসলামাবাদের বাড়ি থেকে বের হন, তাহলে নিরাপত্তাজনিত কারণে তথ্যটি ৩০ মিনিট আগে নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি তিনি শহর থেকে বের হন, তাহলে এক দিন আগে জানাতে হবে।এ আইনজীবী বলেন, কয়েক দিন আগে আবদুল কাদির খানের সঙ্গে সাক্ষাত্ করেছেন অ্যাটর্নি জেনারেল। এ ইস্যুতে তাঁরা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন।বিলাল সুফি বলেন, কাদির খান চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন। তবে তিনি পরমাণু বিষয়ে কোনো কথা বলতে পারবেন না।কাদির খানের আইনজীবী আলী জাফর বলেন, তাঁর মক্কেলের চলাফেরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তাঁর চলাফেরার তথ্য কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে, যাতে তাঁকে নিরাপত্তা দেওয়া যায়।আলী জাফর আরও বলেন, কাদির খানের চলাফেরার ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। তবে পরমাণু ইস্যুতে তিনি কোনো ধরনের বিবৃতি দিতে পারবেন না।কেন্দ্রীয় সরকার বলেছে, আবদুল কাদির খানকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে এবং তাঁর চলাফেরার ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। তিনি যেখানে খুশি যেতে পারবেন। এএফপি ও ডন।