কাদির খানকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সে দেশের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু তখনকার মন্ত্রিপরিষদের তীব্র আপত্তির কারণে তিনি তাঁর ইচ্ছা বাস্তবায়ন করতে পারেননি।দেশটির সাবেক প্রধানমন্ত্রী মীর জাফর উল্লাহ খান জামালি এ তথ্য ফাঁস করেছেন। পাকিস্তানের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য ন্যাশন-এর এক প্রতিবেদনে গতকাল রোববার এ কথা বলা হয়েছে।জামালি বলেছেন, কাদির খানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ব্যাপারে তিনি মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে তিনি প্রেসিডেন্ট মোশাররফকে সাফ জানিয়ে দেন, তিনি (মোশাররফ) প্রেসিডেন্ট হতে পারেন ঠিকই, কিন্তু তাঁর সরকার কাদির খানকে কখনোই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না।জামালির এ বক্তব্যকে সত্য বলে অভিহিত করেছেন কাদির খান। তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে নম্র, ভদ্র ও সৎ বলে আখ্যা দিয়েছেন। কাদির খান বলেন, তিনি জাফর উল্লাহ খান জামালিকে একজন দেশপ্রেমিক ও বিশ্বাসী লোক হিসেবেই জানেন। তিনি কখনো তাঁকে কারও সঙ্গে প্রতারণা করতে দেখেননি।কাদির খান বলেন, জামালির দেওয়া তথ্য সম্পূর্ণ সত্য। পারভেজ মোশাররফ একজন বিশ্বাসঘাতক, যিনি তাঁর নিজের দেশকে বিক্রি করে দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।