কানাডা ও নিউজিল্যান্ডে অভিবাসন আবেদনের হিড়িক পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট নির্বাচনের পুরো ফল তখনো ঘোষণা করা হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বড় কয়েকটি অঙ্গরাজ্যে এগিয়ে যাওয়ায় তাঁর জয়ের সম্ভাবনা বেড়ে গেলে গত মঙ্গলবার রাতেই সক্রিয় হয়ে ওঠেন দেশত্যাগে ইচ্ছুক অনেক মার্কিন। কানাডা ও নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষের ওয়েবসাইটে ঢুঁ মারতে শুরু করেন তাঁরা। এতে কানাডার প্রধান অভিবাসন ওয়েবসাইট চাপ সামলাতে না পেরে বারবার অচল হয়ে যায়।
ভোটের দিন সন্ধ্যায় নিউজিল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা জানান, ১ নভেম্বর থেকে মাত্র সাত দিনে তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে নিবন্ধনের ১ হাজার ৫৯৩টি আবেদন পেয়েছেন। এ হার কোনো সাধারণ মাসের তুলনায় ৫০ শতাংশের বেশি।
নিউজিল্যান্ডের ভিসার জন্য ‘নিউজিল্যান্ড নাউ’ ওয়েবসাইটটিতে যেতে হয় অভিবাসনপ্রত্যাশী ও শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্র থেকে এই ওয়েবসাইটটিতে গত ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এক মাসে আবেদন জমা বেড়ে ৪১ হাজারে উঠেছে। এটি বিগত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।
নিউজিল্যান্ডভিত্তিক গ্লোবাল অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রড ড্রুরি গতকাল বুধবার বলেন, ‘এই মুহূর্তে চাকরির জন্য এখানে আসতে চাওয়ার প্রচুর আবেদন পাচ্ছি। আমরা বলছি, ‘হ্যাঁ, আপনারা পারবেন”।’ তবে নিউজিল্যান্ড সরকারের অভিবাসন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কানাডার অভিবাসন ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে সার্ভারে সমস্যার বার্তা পাচ্ছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও এশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে টুইটারে অনেকে ওই ওয়েবসাইটে সমস্যা পাওয়ার কথা লিখেছেন।