
২০০৬ সাল। নিউইয়র্কে থাকি তখন। একদিন ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। ও কিন্ডারগার্টেনে পড়ে। বাস স্টপেজ থেকে বাড়ি পাঁচ মিনিটের পথ, এর পরে লিফটে নয় তলা। বাস থেকে নেমেই শুরু হতো ওর কলকল। এগারো বছর আগে সেদিন ছেলের সারা দিনের সালতামামি শুনতে শুনতেই ফিরছিলাম। লিফটে উঠেও চলছে রেশ। সহযাত্রীদের অনেকের মনোযোগ তার দিকে। আমার ফ্লোরে নামার ঠিক আগে এক ভদ্রমহিলা ছেলের নাম জিজ্ঞেস করল। ওর ঝটপট উত্তর ‘সুমইয়াডীপ’। আমার মাথায় বাড়ি। ‘সোম্যদীপ’ কবে সুমইয়াডীপ হলো! ওর বাড়ির নাম আর বাইরের নামে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের তফাৎ। বাড়িতে ওকে আমরা ওম ডাকি। ঘরে-বাইরে এক নাম হলে হয়তো এই সমস্যা হতো না। কিন্তু নামই যদি অচেনা হয় তবে ছেলে অচেনা হতে কতক্ষণ! পরের কয়েক দিন আমি ওর নাম নিয়েই লেগেছিলাম। যতই শেখাই ওর এক কথা ‘মিসেস চেন তো আমাকে এভাবেই ডাকে’। মিসেস চেন ওর শ্রেণি শিক্ষক। মিসেস চেনকে লিখে আমার কথা জানাই। লাভ হয় না কিছুই। অতএব নিউইয়র্কে থাকাকালে আমার ছেলে ‘সোম্যদীপ’ সুমইয়াডীপই হয়েই ছিল ওর বন্ধু ও শিক্ষকদের কাছে।
২০০৮ সালে আমরা কানাডা চলে আসি। জায়গার নাম শার্লটটাউন। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের রাজধানী। ওয়েস্ট কেন্ট স্কুলে ভর্তি হলো ওম। আর অধ্যক্ষ ম্যাকডরমেট প্রথম দিনই ওর নাম সৌম্যদীপ ঠিকঠাক বলে আমার মন জিতে নিলেন।
প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডকে কনফেডারেশনের জন্মস্থান বলা হয়। কানাডা প্রজাতন্ত্র হওয়ার ধারণা এই শার্লটটাউনেই হয়েছিল ১৮৬৪ সালে। এখানে আসার আগে অবশ্য এসব আমার জানা ছিল না। আমাদের পিআর মানে স্থায়ী আবাসনের সময় ফুরোচ্ছিল আর আমি নিউইয়র্কের ব্যস্ত জীবন থেকে যত দ্রুত সম্ভব সরতে চাইছিলাম। তাই সুব্রতের সেমিনার দিতে এসে চাকরি নিয়ে নেওয়াটা হঠাৎ আলোর ঝলকানির মতোই সুদূরের আশীর্বাদ হয়ে এসেছিল আমাদের জীবনে। জায়গাটা পছন্দ করার পেছনে ছিল রোড আইল্যান্ডের স্মৃতি আর ফেলে আসা চাটগাঁর সাগরের ডাক। তবে ‘অ্যান অফ গ্রিন গেবলস’-এর গল্পের প্লট এই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ক্যাভেন্ডিসে-—সেটা জানা ছিল গুগলের কল্যাণে।
আমার প্রথম বাড়ি ছিল শার্লট ড্রাইভে। ভাড়া বাড়ি। সামনেই ‘নর্থ রিভার’ নামের নদী। বরফ সবে গলছে। আশপাশে সব বাড়ি ছবির মতো। কিন্তু সব সুনসান। বাড়িটা দাঁড়িয়ে আছে ঠিকই ভেতরের বাসিন্দাদের নিশানা নেই। এ কোথায় এলাম! দমে গিয়েছিলাম কিছুটা। প্রথম সপ্তাহ পার হতেই পাশের বাড়ির আমাদের সমবয়সী দম্পতির দেখা পেলাম। ব্যারিস্টার জেইমস ম্যাকনট এবং তাঁর স্ত্রী বারবারা ম্যাকনট। জেইমস নামী লোক। পিইআইয়ের প্রথম আইন পরিষদের সদস্য। পেশায় আইনজীবী হলেও ইতিহাস ভালোবাসেন। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ঐতিহাসিক ভবনগুলোর নির্মাণশৈলী ও তার ইতিহাস নিয়ে বিশাল বই লিখেছেন তিনি। আর বারবারা কাজ করেন শিক্ষা অধিদপ্তরে। কিন্তু এসব ছাপিয়ে তাঁদের যে দিকটা আমাকে অভিভূত করল, সেটি হলো বরফ গলে সবুজ ঘাস বেরোতে না বেরোতেই এক বিকেলে চায়ের নিমন্ত্রণে সপরিবারে ডাকলেন আমাদের। পাড়ার সবাই ছিল সেদিন। অবাক হয়েছিলাম খানিক পরে। জানলাম এই আয়োজন কেবল আমাদের সঙ্গে অন্য সবার পরিচয় করানোর জন্যই। সেই বিকেলেই আমি মনে মনে ঠিক করেছিলাম কানাডার এই শহরেই থাকছি আমরা। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের বাঙালি কূলের দেখা পেয়েছিলাম সে বছরে, তবে আরও পরে।
শেকড় উপড়ে নতুন করে জেঁকে বসা কঠিন। কিন্তু এই দ্বীপে আমার কখনো নিজেকে সংখ্যালঘু মনে হয়নি। ধর্মের কিংবা বর্ণের পরিচয়ের ভার আমাকে এখানে বইতে হয়নি। এটাই কানাডার বিশেষত্ব। কেবল আমি নই, যারাই কানাডায় আসে তারা নিশ্চিত স্বীকার করবেন কানাডার মতো প্রতিবেশবান্ধব রাষ্ট্র অন্য কোথাও মেলা ভার। সিরিয়ার শরণার্থীরা যখন আসা শুরু করল আমার নিজের সৌভাগ্য হয়েছে কাছ থেকে তাদের সঙ্গে এখানকার বাচ্চাদের ব্যবহার চোখে দেখার। এই বাচ্চাদের মূল ধারায় মেশা সহজ করার জন্য কমিউনিটি এবং স্কুল কী সুন্দর কাজ করেছে এবং আজও করছে তা লিখে বোঝানো যাবে না। অথচ এই কানাডাতেই আদিবাসীদের মূল ধারায় আনার নামে রাষ্ট্র একসময় নিষ্ঠুর আচরণ করেছিল। ভুল করা ও ভুলকে জায়েজ করার মধ্যে বিস্তর ফারাক। কানাডা তার অতীতে করা ভুলের দায় নিতে জানে।
কানাডা পৃথিবীর চার নম্বর দেশ যেখানে সমকামীদের বিয়ে করা বৈধ। মানুষের ধর্ম, লিঙ্গ কিংবা বর্ণ সংকীর্ণতা নয়, মানুষের মানবিক গুণ গুলিতেই ধ্যান দেয় কানাডা। অনেক প্রদেশেই স্বয়ং মুখ্যমন্ত্রী সমকামী তাতে সাধারণের কোনো বিকার নেই। এই যে সবাই পাশাপাশি সসম্মানে নিজেকে না পাল্টে থাকার অধিকার, এটাই কানাডাকে বিশ্বের অন্য দেশগুলো থেকে আলাদা করেছে।
এই বছর কুইবেকের মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মিছিলে আমিও হেঁটেছিলাম। তাপমাত্রা ছিল মাইনাস ত্রিশের নিচে। হাড় কাঁপানো সেই ভোরে ঠান্ডায় হাজার হাজার মানুষ নেমে এসেছিল রাস্তায়। সে সব মানুষের সঙ্গে হুইলচেয়ারে কিংবা পেরাম্বুলেটরে চড়ানো দুধের শিশুকে অথবা হাঁটছে সবে এমন বাচ্চাদের নিয়েও এসেছিল অনেকে, তাদের বেশির ভাগই অমুসলিম কিংবা নাস্তিক। মানুষ মানুষের জন্য এটাই সারকথা এবং কানাডীয়দের বেশির ভাগই এই মন্ত্রে দীক্ষিত।
এ বছর কানাডা সার্ধশত বছরে পা দিচ্ছে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ২০১৪ সালে ‘কনফেডারেশন ধারণা’র দেড় শ বছর উদ্যাপন করেছিল ধুমধাম করে। ১ জুলাই সারা কানাডার সঙ্গে এই প্রদেশ আবারও মাতবে সার্ধশত জন্মদিনের জমজমাট উৎসবে। প্রার্থনা করি, কানাডা তার মানুষ মানুষে সম্প্রীতির ধারণা ছড়িয়ে দিক সারা পৃথিবীতে।
একদিন নিশ্চয় পৃথিবীতে মানুষ কেবল মানুষ পরিচয়েই পাশাপাশি থাকবে, ভালোবাসবে ঠিক কানাডার মতোই।