কানাডার ল্যাক-ম্যাগানটিক শহরে গত শনিবার অপরিশোধিত তেলবাহী একটি ট্রেনে বিস্ফোরণ ঘটে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। তেলবাহী ট্রেনে বিস্ফোরণে ওই শহরের বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি পানশালাও ছিল। পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রেল কর্মকর্তারা জানান, ট্রেনের ক্রু পরিবর্তনের জন্য পাশের একটি গ্রামে থামানো হয়। হঠাৎ ট্রেনটি ল্যাক-ম্যাগানটিক শহরের দিকে নামতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চালকবিহীন ট্রেনটি শহরে পৌঁছানো পর্যন্ত স্বাভাবিক গতিতে চলছিল। পরে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো অন্তত ১০০ লোক নিখোঁজ রয়েছে। পুলিশ পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে। ট্রেনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২০ জন কর্মী কাজ করে যাচ্ছেন। সীমান্তের ওপার থেকে আসা যুক্তরাষ্ট্রের অগ্নিনির্বাপণ-কর্মীরাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন। বিবিসি।