কানাডায় বাংলাদেশি ছাত্রের অনন্য কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট ভালো কাজ যখন এক‌ত্র হয়, তখন তা বড় কল্যাণ বয়ে আনে। আর সেই কাজের স্বীকৃ‌তিও চলে আসে অগোচরে। এম‌নই কিছু ছোট অথচ ভালো কাজের বড় স্বীকৃতি পেয়েছেন এক বাংলাদেশি কানাডীয়। তাঁর নাম নেসার আহমেদ। এ বছর কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গ্র্যান্ট ও সম্মাননা জিতে নিয়েছেন তিনি।
নেসার রায়ারসন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক প্রোগ্রামের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ২০১২ সালে স্ত্রী ও এক সন্তানসহ কানাডায় অভিবাসী হয়ে আসেন উন্নত জীবনের আশায়। শুরুতে অন্য সব নতুন অভিবাসীর মতো তাঁকেও নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়। নতুন দেশের আবহাওয়া, কর্মপরিবেশ, সংস্কৃতি ইত্যাদির সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো, উপার্জন করে সংসার চালানো, সম্মানজনক পেশায় ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করা—সবই ছিল তাঁর নতুন জীবনের জন্য একেকটি যুদ্ধ।
এত কিছুর মাঝেও দেশের মানুষের জন্য নেসারের মন পোড়ে। যারা তাঁর মতো অভিবাসী হয়ে এ দেশে এসেছেন, তাদের দুঃখ-কষ্টও তাঁকে কাঁদায়। অনেকের চাকরি নেই, সংসারে অশা‌ন্তি, শারী‌রিক ও মান‌সিক স্বাস্থ্য ভেঙে পড়ছে চোখের সামনে। এগু‌লো দেখে তিনি মনে মনে ভাবেন, এসব মানুষের জন্য কিছু করতে পারলে মান‌বিক বিপর্যয় রোধে কিছুটা হলেও অবদান রাখা যাবে। সেই সঙ্গে নিজের ফেলে আসা দেশের মানুষদেরও জন্যও কিছু করা হবে।
নেসার তাঁর প্রতিবেশী বেকার‌ লোকদের চাকরি পেতে সহায়তা শুরু করলেন। ‌ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কর্মশালা করেন। চি‌নি আর অতিরিক্ত লবণযুক্ত খাবার খেয়ে ছোট বাচ্চারা যে মোটা হয়ে যাচ্ছে, সে ব্যাপারে মা-বাবার ম‌ধ্যে সচেতনতা তৈরি করেন, বিনা পয়সায় বা স্বল্প দামে কোথায় স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায়, তা প্রতিবেশীদের জানান। এ ছাড়া শারী‌রিক ও মান‌সিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বিনা পয়সায় কোথায় সরকারি অনুশীলন ও বিনোদন কেন্দ্র পাওয়া যায়, সেগু‌লোর তথ্য মানুষকে জানাতে শুরু করেন। যেহেতু কমিউনিটির অনেকেই ইংরেজি লেখা পুরোপুরি বুঝ‌তে পারেন না, সে জন্য তথ্যগুলো বাংলায় অনুবাদ করে মানুষের মাঝে বিলি করেন তিনি।
এতে কিছু খরচ হয়। তাই নেসার স্থানীয় পৌরসভার কাছে আবেদন করে কিছু অর্থের সংস্থানও করেন। এই কাজে তাঁকে সহায়তা করে টরন্টোর বাঙালি কমিউনিটির জন্য তথ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করা ‘বায়েস’ নামের এক‌টি প্রতিষ্ঠান। তিনি নিজেও এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক দিন ধরে জ‌ড়িত। এ বছর রায়ারসন বিশ্ববিদ্যালয় টরন্টোতে সমাজকল্যাণমূলক ছোট ছোট ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র আহ্বান করে। শ্রেষ্ঠ মনোনয়ন পাওয়া ব্যক্তিকে দেওয়া হয় রায়ারসন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গ্র্যান্ট ও সম্মাননা। বাংলাদেশের নেসার তাঁর অসাধারণ ছোট ছোট ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার জিতে নেন।
সম্মাননা পাওয়ার পর নেসার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ সম্মান তাঁকে মানুষের জন্য আরও কাজ করার প্রেরণা জোগাবে। এ বছরই নেসার তাঁর স্নাতক শেষ করবেন। এরপর তিনি কানাডার বাঙালি কমিউনিটির মানুষদের মান‌সিক স্বাস্থ্য ও শিশুদের মুটিয়ে যাওয়া বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করতে চান। তিনি বলেন, ‘আমরা যারা বাইরে আছি, প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করতে পারি, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারব। কানাডায় আমাদের বাংলাদেশের গৌরব ও সম্মান আরও বৃদ্ধি পাবে।’