
কানাডার সত্য ও সমঝোতা কমিশন বলেছে, দেশটির আদিবাসী শিক্ষার্থীদের জোর করে সরকারি স্কুলে পাঠিয়ে তাদের ওপর সাংস্কৃতিক গণহত্যা চালানো হয়েছে। এসব শিক্ষার্থীকে দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত গির্জাভিত্তিক স্কুলগুলোতে ভর্তি করা হয়েছিল। খবর বিবিসির।
গত মঙ্গলবার প্রকাশিত সত্য ও সমঝোতা কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়, আদিবাসী শিশুদের ওই স্কুলে শারীরিক ও যৌন হয়রানির শিকারও হতে হতো। কানাডাজুড়ে এমন স্কুলের সংখ্যা ছিল ১৩০টি। ঊনবিংশ শতাব্দী থেকে শুরু করে ১৯৭০ সাল পর্যন্ত দেড় লাখের বেশি আদিবাসী শিশুকে জোর করে স্কুলে ভর্তি করে কানাডীয় সরকার। এসব শিশুকে কানাডার মূলধারার সমাজের সঙ্গে মেলানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করে সরকার। তবে এর কারণে আদিবাসী শিশুদের তাদের নিজস্ব সংস্কৃতি ছাড়তে হয়।
শিক্ষার্থীরা কমিশনের কাছে বলেছে, স্কুলে নিজেদের ভাষায় কথা বললে তাদের পেটানো হতো।
২০০৮ সালে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনের কথা স্বীকার করে সরকারের পক্ষে ক্ষমা চান।
কানাডায় সত্য ও সমঝোতা কমিশন গঠিত হয় ২০০৬ সালে। ওই বছর ৯০ হাজার আদিবাসী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করে সরকার এবং সংশ্লিষ্ট গির্জার মধ্যে সমঝোতা হয়। কমিশন তাদের প্রতিবেদনে ৯৪টি সুপারিশ করেছে। এর মধ্যে আছে হারিয়ে যাওয়া বা আদিবাসী শিশুদের হত্যার ঘটনায় অনুসন্ধান এবং ক্যাথলিক গির্জার পক্ষ থেকে শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের ক্ষমা প্রার্থনা।