কানাডার নাগরিকত্ব পাচ্ছে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী কর্মী মালালা ইউসুফজাই সম্মানসূচক কানাডীয় নাগরিকত্ব পেতে যাচ্ছে। গত বুধবার কানাডীয় সরকার এ ঘোষণা দেয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা ও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু-চিকে এই নাগরিকত্ব দেওয়া হয়।

কানাডা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নারীশিক্ষার প্রচার চালিয়ে মালালা ইউসুফজাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। এটি সত্যি সাহসিকতার ও উদ্দীপনার বিষয়।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় কয়েক বছর আগে মেয়েদের শত শত স্কুল বন্ধ করে দেয় জঙ্গিগোষ্ঠী তালেবান। প্রতিবাদে সোচ্চার হয় মালালা। এর জেরে গত বছরের ৯ অক্টোবর জঙ্গিরা মালালার মাথায় গুলি করে। এরপর তাঁকে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে ধীরে ধীরে সেরে ওঠে সে। বর্তমানে সেখানেই সে বসবাস করছে ও পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি ইউরোপের সাখারোভ মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছে মালালা। সোভিয়েত পদার্থবিদ ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই সাখারোভের স্মরণে প্রতিবছর ইউরোপীয় পার্লামেন্ট বাকস্বাধীনতার জন্য এ পুরস্কার দেয়। ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার হিসেবে বিবেচিত সাখারোভ পুরস্কার বিজয়ীদের ৫০ হাজার ইউরো দেওয়া হয়। রয়টার্স।