কানাডার প্রধানমন্ত্রীর নামে সন্তানের নাম রাখছেন শরণার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ও আফরা বিলান গত ফেব্রুয়ারিতে কানাডা পৌঁছে নতুন দেশে নতুন জীবন শুরু করেন। শীতকালের মাঝামাঝিতে সিরিয়ার দামেস্ক থেকে মেয়ে নায়া ও ছেলে নায়েলকে নিয়ে তাঁরা কানাডায় পৌঁছান। তাঁদের স্বাগত জানানোর জন্য তখন বিমানবন্দরে কানাডার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না; কারণ প্রধানমন্ত্রী তখন অন্য জায়গায় সিরিয়ার অন্য শরণার্থীদের স্বাগত জানাচ্ছিলেন।

তবে ওই দম্পতি অনুভব করেন, সিরিয়ার শরণার্থীদের জন্য ট্রুডো যা করেছেন, সে জন্য যে কোনোভাবেই হোক, ট্রুডোকে তাঁদের ধন্যবাদ জানানো প্রয়োজন। এর মধ্যে গত বৃহস্পতিবার কানাডার ক্যালগেরি শহরে ওই দম্পতির ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ট্রুডোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তাঁরা সন্তানের নাম রেখেছেন জাস্টিন ট্রুডো অ্যাডাম বিলান।

এর আগে গত ফেব্রুয়ারিতে আরেক সিরিয়ার শরণার্থী দম্পতি প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তাঁদের নবজাতক সন্তানের নাম দেন জাস্টিন ট্রুডো।

২৯ বছর বয়সী মোহাম্মদ দামেস্কে নরসুন্দরের কাজ করতেন। তিনি সিরিয়ার সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। একবার তাঁকে আটকও করা হয়। মুক্তি পাওয়ার পর মোহাম্মদ ও তাঁর পরিবারের সদস্যরা বুঝতে পারেন, কর্তৃপক্ষ তাঁকে আবারও খুঁজবে। তাঁকে আবারও আটক করা হতে পারে। জাস্টিন ট্রুডো ক্ষমতা নেওয়ার পর কানাডা সিরিয়ার শরণার্থীদের গ্রহণ করা শুরু করলে তাঁদের পালাবার সুযোগ আসে। কানাডায় পৌঁছে কুইবেক প্রদেশের মন্ট্রিলে কিছু সময় কাটানোর পর তাঁদের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার ক্যালগেরি শহরে স্থানান্তর করা হয়।

আফরা বিলান টেলিফোনে বিবিসিকে বলেন, ‘কানাডা অনেক বেশি নিরাপদ। এখানে কোনো যুদ্ধ নেই। সবকিছুই আলাদা, সবকিছুই ভালো।’ তবে কানাডায় পৌঁছার পর বিশেষ করে শীতের আবহাওয়ায় মানিয়ে নিতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছে বলে স্বীকার করেন তিনি। আফরা এখন অনর্গল ইংরেজি বলতে পারেন। মুহাম্মদ এখন একটি মুদির দোকানে খণ্ডকালীন চাকরি করেন। ওই দম্পতি আশা করেন, একদিন শিশু জাস্টিন ট্রুডো তার নামকরণকে সার্থক করতে পারবে।

ট্রুডো সম্পর্কে আফরা বলেন, ‘সে দারুণ লোক। তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। আমরা তাঁকে এবং কানাডার জনগণকে ধন্যবাদ জানাতে চাই।’

২০১৫ সালের নভেম্বরে জাস্টিন ট্রুডো দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটি ৪০ হাজারেরও বেশি সিরিয়ার শরণার্থীকে গ্রহণ করে। এর মধ্যে এক হাজার জনকে ক্যালগেরি শহরে পুনর্বাসন করা হয়।