কানাডার মুদ্রায় নরওয়ের ম্যাপল পাতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাপল পাতার দেশ কানাডা। কানাডার মুদ্রার ওপরে থাকে ম্যাপল পাতার ছবি। দেশের নতুন নোটের ওপরও রয়েছে ম্যাপল পাতার ছবি। তবে এটি কানাডার নিজস্ব ম্যাপলের নয়, নরওয়ের এমন দাবি করেছেন উদ্ভিদবিজ্ঞানীরা। অবশ্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ দাবি নাকচ করে দিয়েছে। কানাডার কেন্দ্রীয় ব্যাংক গত নভেম্বরে ২০, ৫০, ১০০ ডলারের নতুন নোট বের করেছে। এ নোটগুলোতে যে ম্যাপল পাতার ছবি দেওয়া হয়েছে, তার আকৃতি ও গঠন কানাডার পরিচিত ম্যাপল পাতার চেয়ে ভিন্ন। কানাডার পরিচিত ম্যাপল পাতার রং লাল। এর তিনটি অংশ এবং পাতার কোনাগুলো সমান। আর নতুন নোটের ম্যাপল পাতার রং সাদা। বৈশিষ্ট্য গবেষণা করে উদ্ভিদবিদেরা দাবি করছেন, এ পাতা কানাডার ম্যাপলের নয়, বরং নরওয়ের একটি প্রজাতির। নরওয়ের এ প্রজাতিটি উত্তর আমেরিকায় প্রথম আসে ১৮০০ সালে। তবে এটি শুধু কানাডার মধ্য ও পূর্বাঞ্চলে বেশ দেখা যায়। অন্যান্য অঞ্চলে খুব একটা চোখে পড়ে না। কানাডার কেন্দ্রীয় ব্যাংক এমন দাবির কথা উড়িয়ে দিয়ে বলেছে, নতুন নোটের ম্যাপলের ছবি কানাডারই ম্যাপল প্রজাতির একটি গাছের। কানাডায় ১০ প্রজাতির ম্যাপল গাছ আছে। তবে দেশটির পতাকায় ও আগের নোটে ব্যবহূত পাতাটি ছিল সুগার ম্যাপল গাছের।এর আগে কানাডার নতুন নোটগুলোতে একটি ছবিতে এশীয় দেখতে এক নারীর ছবি থাকায় কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছে ক্ষমা চেয়েছিল। বিবিসি ও এএফপি।