কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাচ্ছে মালালা

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে সম্মানসূচক নাগরিকত্ব দেবে কানাডা। গত বুধবার দেশটির সরকার এ ঘোষণা দেয়।
এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ মাত্র পাঁচজন খ্যাতিমান মানুষকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে কানাডা। এ তালিকায় ষষ্ঠ স্থানে থাকবে মালালা।
কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মালালা অশুভ শক্তি ও নিষ্ঠুরতার শিকার হয়েছে। এর পরও বলিষ্ঠ কণ্ঠে সেসব মানুষের পক্ষে কথা বলছে, যারা চুপ করে রয়েছে। প্রাণনাশের হুমকি পেয়েও মালালা, বিশেষ করে মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলে আসছে। এ দুঃসাহসকে স্বীকৃতি দেয় কানাডা।
রানির সঙ্গে সাক্ষাৎ: মালালা ইউসুফজাই গতকাল লন্ডনের বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে। রানির কাছে সে শিক্ষার গুরুত্ব তুলে ধরে ও সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর কপি উপহার দেয়।
মালালা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার-বিষয়ক শাখারভ পুরস্কারসহ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এএফপি।