কানাডায় আফগান পরিবারের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে চার নারীকে হত্যার (অনার কিলিং) দায়ে কানাডায় এক অভিবাসী আফগান মুসলিম পরিবারের তিন সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রোববার তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কানাডার একটি আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: ওই অভিবাসী পরিবারটির কর্তা মোহাম্মদ শাফিয়া (৫৮), তাঁর ৪২ বছর বয়স্ক স্ত্রী তুবা মুহাম্মদ ইয়াহিয়া ও তাঁদের ২১ বছর বয়স্ক ছেলে হামিদ মোহাম্মদ শাফিয়া। মামলার কৌঁসুলিরা জানিয়েছেন, তিন মেয়ে জয়নব শাফিয়া (১৯), শাহার শাফিয়া (১৭) ও গীতি শাফিয়া (১৩) এবং প্রথম স্ত্রী রুনা আমিরকে (৫০) হত্যার ঘটনায় এই তিনজনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন আদালত। তবে কানাডায় মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাঁদের যাবজ্জীবন অর্থাৎ দেশের আইন অনুসারে ২৫ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।অন্টারিও প্রদেশের কিংস্টোন শহরের একটি খালের ভেতরে ডুবে থাকা গাড়ির ভেতর থেকে ২০০৯ সালে ওই চার নারীর লাশ উদ্ধার করা হয়। নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে মন্ট্রিলে নিজ বাসায় ফেরার পথে রাতে কিংস্টোনে থেকে যাওয়ার পর তাঁরা ওই হত্যাকাণ্ডের শিকার হন। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ড নিয়ে আদালতের বিচার প্রক্রিয়ায় কয়েক ডজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়। আদালত জানতে পারেন, হত্যাকাণ্ডের শিকার তিন মেয়ের মধ্যে বড় দুজনের ছেলে বন্ধু ছিল। এটা মেনে নিতে পারতেন না বাবা শাফিয়া। আর প্রথম স্ত্রী মেয়েদের পক্ষ নেন এবং স্বামী শাফিয়ার কাছে তালাক চান। এতে ক্ষিপ্ত হয়েই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা।আদালতের বিচারক রবার্ট মারানজার ওই হত্যাকাণ্ডকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেছেন, প্রাপ্ত তথ্য-প্রমাণাদি এ দণ্ডাদেশকে স্পষ্টভাবেই সমর্থন করে। দণ্ড ঘোষণার সময় তিনি বলেন, তথাকথিত পারিবারিক সম্মানহানির ধুয়া তুলে সম্পূর্ণ ঠান্ডা মাথায় জঘন্যভাবে ওই চার নিরপরাধ নারীকে হত্যা করা হয়েছে। সভ্য সমাজে এই ভ্রান্ত ধারণার কোনো স্থান নেই।তবে আদালতে রায় ঘোষণার পর সাজা পাওয়া মোহাম্মদ শাফিয়া চিৎকার দিয়ে বলেন, ‘আমরা অপরাধী নই। আমরা খুনি নই। আমরা ওই খুন করিনি। এটা অবিচার।’ স্ত্রী তুবা ইয়াহিয়া বলেন, ‘আমি খুনি নই। আমি একজন মা।’ আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের আইনজীবী। এএফপি, রয়টার্স ও বিবিসি।