কানাডায় আল শাবাবের জঙ্গি হারসি গ্রেপ্তার
আল-কায়েদার সহযোগী জঙ্গি সংগঠন ‘আল শাবাব’-এর জঙ্গি মোহাম্মদ হারসিকে গত মঙ্গলবার টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার আরসি এমপি পুলিশের প্রধান গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।কানাডায় ২০১০ সালের ১ মার্চ আল শাবাবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পুলিশপ্রধান জানান, আল শাবাব কয়েক বছর ধরে কানাডায় সক্রিয় রয়েছে। দেশটি থেকে আল -কায়েদার সদস্য সংগ্রহ করাই সংগঠনটির কাজ। মোহাম্মদ হারসি লন্ডন হয়ে সোমালিয়ায় আল সাবাবের সদর দপ্তরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে আল-কায়েদার নির্দেশে আল শাবাব সেখানে সক্রিয় রয়েছে।ইতিপূর্বে হারসির বিরুদ্ধে কানাডায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, হারসি কানাডার নাগরিক। তিনি তাঁর চাকরি ছেড়ে আল সাবাবে জড়িত হন। পুলিশের দাবি, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ এলসি ইব্রাহিম ২০০৮ সালে নিখোঁজ হন। পরে তিনি আল শাবাবের সদস্য হিসেবে সোমালিয়ায় নিহত হন। এর আগেও কানাডা থেকে আরও ছয়জন নিখোঁজ হয়েছেন। তাঁরাও আল শাবাবে যোগ দিয়েছেন বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র এর আগে সোমালিয়া বংশোদ্ভূত ১৪ জন যুবককে এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করে।