কানাডায় উন্মুক্ত পাঠাগারে চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির আঙ্গীনার এই পাঠাগার থেকে চুরি হয় বেশ কিছু বই
বাড়ির আঙ্গীনার এই পাঠাগার থেকে চুরি হয় বেশ কিছু বই

‘এটি একেবারেই অভাবনীয়’। কথাটা কানাডার এডমন্টনের স্থানীয় বাসিন্দা লরেল নিকোলাইয়ের। তাঁর বাড়ির সামনের উন্মুক্ত পাঠাগারটিই কেউ একজন চুরি করেছে। ২৩ আগস্ট সকালে ঘুম থেকে উঠে লরেল নিকোলাই দেখেন, তাঁর বাড়ির সামনের উন্মুক্ত পাঠাগারটি নেই। বিস্মিত লরেল কারণ খুঁজে পাচ্ছেন না। একই অবস্থা তাঁর সঙ্গী পিটার মেকেঞ্জি ও দুই মেয়েরও।

আকারে ছোট পাঠাগারটি সবার জন্য ছিল উন্মুক্ত। যে কেউ চাইলে এ পাঠাগার থেকে বই ধারে নিয়ে পড়তে পারত। এডমন্টনের ৫৬ অ্যাভিনিউ ও ১০৭ স্ট্রিটে প্লিজেন্টভিউ নামের নিজেদের বাড়ির সামনে এ পাঠাগার গড়ে তুলেছিলেন লরেল ও পিটার দম্পতি। কিন্তু ২৩ আগস্ট কেউ একজন বই নয়, পুরো পাঠাগারটিই চুরি করে নেয়। লরেল-পিটার দম্পতির ১১ বছর বয়সী মেয়ে নিকোল মেকেঞ্জি সিবিসি নিউজকে বলেন, ‘প্রথমে বিষয়টি বাবার নজরে আসে। আমরা তখন ভেবেছি যে তিনি আমাদের সঙ্গে মজা করছেন। কারণ এটি ছিল বইয়ে পরিপূর্ণ, আর ভীষণ ভারী।’
একটি অলাভজনক প্রতিষ্ঠানের উৎসাহে কানাডার বিভিন্ন বাড়ি ও বাসস্টপের সামনে এমন ছোট পাঠাগার গড়ে তোলা হয়েছে। বহু বাড়ির সামনেই এমন পাঠাগার রয়েছে। ‘লিটল ফ্রি লাইব্রেরি’ নামের এসব পাঠাগার মূলত বই বিনিময় ও ধার করে পড়ার জন্য খুব জনপ্রিয়। এসব পাঠাগারে সাধারণত খুব বেশি বই থাকে না। লরেল-পিটার দম্পতির এ পাঠাগারেও বই বেশি ছিল না। সাকল্যে পাঠাগারটিতে শ-খানেক বই ছিল। কিন্তু ২৩ আগস্ট রাতের কোনো এক সময়ে পাঠাগারটিই হাপিস করে দেয় কোনো ‘হতে পারে বই অনুরাগী’।
লরেল নিকোলাই বলেন, ‘এমন কেউ করতে পারে, তা আমার ধারণায়ই ছিল না। এর পেছনে আমাদের অনেক ভালোবাসা, শ্রম ও নিবেদন জড়িয়ে আছে। রয়েছে অনেক স্মৃতিও। এটি ছিল প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের একটি ভিতও। কিন্তু কেউ একজন রাতের অন্ধকারে পুরো পাঠাগারটিই চুরি করল!’ তিনি বলেন, বিনা পরিকল্পনায় কারও পক্ষে হঠাৎ করে একটি পাঠাগার চুরি সম্ভব নয়। এ জন্য একটি বড় গাড়ির প্রয়োজন হয়েছিল নিশ্চয়। পাঠাগারটি হারিয়ে আমরা ভীষণভাবে মর্মাহত।
পাঠাগারটি চুরির বিষয়ে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ না করলেও পরিবারটি পাঠাগারটি ফেরত দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয় কেউ এতে সাড়া দেয় কি না। সূত্র: সিবিসি নিউজ