কানাডায় বাড়ছে 'লাইম রোগের' সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইম রোগের ব্যাকটেরিয়া বহনকারী পোকা
লাইম রোগের ব্যাকটেরিয়া বহনকারী পোকা

কানাডায় লাইম রোগের (লাইম বোরেলিওসিস, যা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে) সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এমনকি রোগটি শনাক্ত করার পন্থা নিয়ে চিকিৎসকদের মধ্যে এক ধরনের ধোঁয়াশাও রয়েছে। আর এটি এ আশঙ্কাকে আরও জোরালো করেছে বলে উল্লেখ করা হয়েছে সিবিসির এক প্রতিবেদনে।

২৭ আগস্ট প্রকাশিত সিবিসির ওই প্রতিবেদনে অন্টারিওর বাসিন্দা সামান্থা সিমনের কথা উল্লেখ করা হয়েছে। গত জুনে সিমনের মেয়ে এমিলি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এমিলি একই সঙ্গে জ্বর, মাথা ও অস্থিসন্ধিতে ব্যথা, ডায়রিয়ায় আক্রান্ত হয়। সঙ্গে পুরো শরীরে লাল লাল রেশ এবং একটু পরপর বমি। সিমন ভীষণ ভয় পেয়ে যান। কিন্তু তিন মাস বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ঘুরেও এ রোগের কোনো সুনির্দিষ্ট কারণ ও পরিচয় সম্পর্কে জানতে পারেননি তিনি।
এ লাইম রোগে কানাডার উত্তরাঞ্চলের বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। এ রোগ মূলত ছোট একটি পোকার কামড় থেকে ছড়ায়। শরীরের যে অংশে কামড় দেয় সেখানে লাল রঙের একটি ছাপ পড়ে। কিন্তু একে দেখে অনেকেই মশার কামড় বলে ভুল করেন। ফলে শুরুতে কেউ এটিকে শনাক্ত করতে পারে না। পরে জ্বরসহ অন্য উপসর্গগুলো দেখা দেয়। কিন্তু উপসর্গগুলো অন্য অনেক রোগের উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় সুনির্দিষ্ট কোনো লক্ষণের বিষয়ে নিশ্চিত হতে পারেন না চিকিৎসকেরা। ফলে রোগটি শনাক্তে বেগ পেতে হয় চিকিৎসকদের।
সিবিসি জানায়, দুই বছর বয়সী এমিলির ক্ষেত্রে এ রোগ শনাক্তে তিন মাসের মতো সময় লেগেছে। আর এ জন্য তার মা সিমনকে বহু চিকিৎসক ও হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছে। শুরুতে চিকিৎসকেরা এটিকে কোনো পোকার কামড় থেকে অ্যালার্জিক সংক্রমণ হিসেবে চিহ্নিত করেছিলেন। কেউ কেউ একে ভাইরাসজনিত রোগ হিসেবে সন্দেহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এক চিকিৎসক রোগটি সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হন। তিনি জানান এটি লাইম রোগ, যা বোরেলিয়া বার্গডোরফেরি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে।
সিবিসিকে সামান্থা সিমন বলেন, ‘এ সমস্যা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে কিছু একটা করা উচিত। লাইম রোগের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। এ ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।’
ভুক্তভোগী সামান্থার কথায় সায় দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তারা জানান, লাইম রোগের সংক্রমণ সত্যিই বাড়ছে। কানাডার জনস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০০৯ সালে কানাডায় লাইম রোগে আক্রান্ত হওয়ার ১৩০টি ঘটনার কথা জানা যায়। কিন্তু ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে ৭০০ হয়েছে।
এ রোগের সংক্রমণ প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলের বাড়ছে। বিশেষত টরন্টোয় এ রোগে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। টরন্টোর সহযোগী স্বাস্থ্য কর্মকর্তা ড. ক্রিস্টিন নাভারো বলেন, ‘টরন্টো জনস্বাস্থ্য সংস্থায় চলতি বছর এ ধরনের ২৪টি ঘটনার কথা জানা গেছে। এর মধ্যে প্রত্যন্ত অঞ্চলে আক্রান্ত হওয়ার ঘটনা আটটি।’ তিনি জানান, লাইম রোগে চলতি বছরের প্রথম সাত মাসে আগের বছরের চেয়ে বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছে। গত বছর এ রোগে আক্রান্ত হওয়ার ২৩টি ঘটনা ঘটেছিল।
এ রোগের সংক্রমণের হার বাড়ার কারণ হিসেবে রোগটি নির্ণয়ে ধোঁয়াশায় ভোগাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সময় মতো রোগটি নির্ণয় করা না যাওয়ায়, এটি আশপাশের আরও অনেকের মধ্যে সংক্রমিত হওয়ার সুযোগ পাচ্ছে।
এ বিষয়ে কিছুদিন আগে কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা বলেছিলেন, ‘এ রোগ নির্ণয়ের জন্য সুনির্দিষ্ট কোনো পরীক্ষার বিষয়ে চিকিৎসকেরা এখনো একমত হতে পারেননি। একইভাবে রোগটির চিকিৎসা পদ্ধতি নিয়েও এক ধরনের সংশয় রয়েছে। আর এটিই রোগটি আরও বেশি ছড়িয়ে পড়ার পেছনে কাজ করছে।
তবে এ বিষয়টি নিয়ে বসে নেই কানাডার জনস্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গবেষণা কার্যক্রম চলছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ জন্য দেশটির সরকার ৪ মিলিয়ন ডলারের একটি তহবিল ঘোষণা করেছে।