কানাডায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫-২৬ জুন জি-৮ সম্মেলন এবং ২৬-২৭ জুন টরন্টোতে জি-২০ সম্মেলনকে সামনে রেখে কানাডা সরকার ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এতে ব্যয় হচ্ছে ১২৪ কোটি ডলার। এর মধ্যে নয় কোটি ৩০ লাখ ডলার খরচ করা হচ্ছে শুধু নিরাপত্তার জন্য। বাকি অর্থ ব্যয় হচ্ছে সম্মেলনের আয়োজনে।১৯৭৬ সালে পৃথিবীর ধনী দেশগুলোর অর্থনৈতিক এই ফোরামে যোগদানের পর কানাডা এবার পঞ্চমবারের মতো জি-৮ সম্মেলনের আয়োজন করছে।সরেজমিনে টরন্টোর কেন্দ্রস্থলে সম্মেলনকেন্দ্র মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে গিয়ে দেখা গেছে, গোটা এলাকায় পুলিশ, সেনা ও সাদা পোশাকে গোয়েন্দাকর্মীরা টহল দিচ্ছে। ফ্রন্ট স্ট্রিট, কুইন স্ট্রিট, এডেলেইড, ডানডাস সড়কের মধ্যে উঁচু নিরাপত্তাবেষ্টনী দিয়ে পুরো শহরকেই যেন একটি অস্থায়ী কারাগারে পরিণত করা হয়েছে। সম্মেলনস্থলের আশপাশে বসবাসকারী নাগরিকদের পরিচয়পত্র নিয়ে চলাচল করতে হচ্ছে। অফিস-আদালতের বেশির ভাগই ছুটি দেওয়া হয়েছে। রাস্তায় বিভিন্ন স্থানে চেক পয়েন্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। হোটেল-রেস্তোরাঁগুলোতে কোনো লোকজন নেই। ট্যাক্সিচালকদের মধ্যে কয়েকজন জানালেন, শহরে তাঁরা ট্যাক্সি নিয়ে দাঁড়াতেই পারছেন না। নিরাপত্তাকর্মীরা তাঁদের হটিয়ে দিচ্ছে।এদিকে কয়েক দিন ধরে টরন্টো এবং এর আশপাশের ছোট শহরগুলো থেকে দলে দলে সম্মেলনবিরোধী বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিচ্ছে। গত মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে তাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। বিক্ষোভকারীরা বলছে, সম্মেলনের পেছনে এত অর্থ ব্যয় না করে তা পৃথিবীর দারিদ্র্য বিমোচনে ব্যবহার করা যেত। সমকামীরা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো তাদেরও ভাতা দেওয়ার দাবি জানিয়েছে।৭২ ঘণ্টা স্থায়ী দুটি বিশাল সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মত প্রকাশ করেছে কানাডার সংবাদমাধ্যমগুলো। বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সম্মেলন দুটি বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে। দরিদ্র বিশ্বের মা ও শিশুস্বাস্থ্য রক্ষা, ঘাতক ব্যাধি এইডস প্রতিরোধ, স্যানিটেশন, ও দারিদ্র্য বিমোচনে জি-৮ দেশগুলোর ভূমিকা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্সের পরিচালক জেনিস স্টেইনি।