কানাডায় ভালো করছেন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় দিনে দিনে বাড়ছে অভিবাসী বাংলাদেশির সংখ্যা। একসময় বিভিন্ন শহরে ভারতীয়সহ অন্য দেশের অভিবাসীরা একচেটিয়া ব্যবসা-বাণিজ্য করলেও দৃশ্যপট পাল্টেছে। ব্যবসা করে অনেক বাংলাদেশি ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন। বিভিন্ন মাঝারি ও ক্ষুদ্র ব্যবসা ছাড়াও বাংলাদেশিরা রেস্টুরেন্ট, গ্রোসারি, মিষ্টির দোকান, পিঠাঘর, বুটিক শপসহ নানা রকম পসরা নিয়ে দোকান খুলে বসেছেন।
কানাডায় বর্তমানে বাংলাদেশির সংখ্যা কত তা স্পষ্ট করে কেউ বলতে পারেন না। তবে সব মিলিয়ে কানাডায় বাংলাদেশিদের সংখ্যা তিন থেকে পাঁচ লাখ বলে ধারণা করা হয়ে থাকে। আর এ সংখ্যা বাড়ছে। কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন। এই ৮০ হাজার থেকে ১ লাখের মতো।
কানাডার ব্যবসাক্ষেত্রে অনেক বাংলাদেশি এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। দোকানসহ নানা ছোট ব্যবসা তো আছেই, বেশ কয়েকটি কোচিং সেন্টারও খুলেছেন বাংলাদেশিরা। এ ছাড়া ড্রাইভিং স্কুল পরিচালনা করছেন কয়েকজন বাংলাদেশি। শুধু নিজস্ব কমিউনিটি নয়, অন্য দেশের অভিবাসীরাও তাঁদের ভোক্তা।
বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছে ঘরোয়া রেস্টুরেন্ট, সুইস বেকারি অ্যান্ড ফাস্টফুড, মক্কা রেস্টুরেন্ট, রেড হট তন্দুরি কাবাব অ্যান্ড কারি ও ক্যাফে ডি তাজ। গ্রোসারির মধ্যে মারহাবা সুপার মার্কেট, সরকার ফুডস, নিশিতা ফার্ম ফ্রেশ, চকবাজার ও তাজমহল গ্রোসারি উল্লেখযোগ্য। বুটিক হাউসের মধ্যে উল্লেখযোগ্য হলো দেশি দশ ও শাড়ি হাউস।
বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর বাংলাদেশিরা অংশ নিচ্ছেন। কমিউনিটির অনেকেই বাড়ি কিনতে তাঁদের দেশীয় ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে থাকেন। টরন্টোতে বাংলাদেশি আইনজীবীও রয়েছেন, যাঁরা বাড়ি কেনা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আইনি সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশিদের মালিকানায় কয়েকটি মানি এক্সচেঞ্জও রয়েছে টরন্টোতে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো আয়োজন করে থাকে। অনেকেই বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীদের নিয়ে এসে সাংস্কৃতিক আয়োজন উপহার দেন সবাইকে। বাংলাদেশি সংস্কৃতি পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নাচ, গান, শুদ্ধ বাংলা ভাষা চর্চার স্কুলও পরিচালনা করছেন কয়েকজন।
কানাডার বড় শহরগুলো থেকে বাংলা ভাষায় সাপ্তাহিক ও পাক্ষিক সংবাদপত্র বের হচ্ছে। বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠান আর প্রয়োজনীয় তথ্যের খবরাখবর জানতে এখানকার পাঠকদের মধ্যেও বেশ আগ্রহ আছে। কানাডায় বাংলা ভাষায় সাংবাদিকতার গোড়াপত্তন করেছিলেন নজরুল মিন্টো। তিনি বলেন, কানাডাতে বিশেষ করে টরন্টো নগরীতে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সারা বিশ্বের প্রবাসী বাঙালিদের মধ্যে তা হয় না। এটা নিয়ে আমরা টরন্টোবাসী গর্ব করতে পারি।
কমিউনিটির পরিচিত মুখ আবদুল হালিম মিয়া। বছর বিশেক আগে অভিবাসী হয়ে আসেন কানাডায়। এক যুগ ধরে চাকরি করছেন কানাডার সিআইবিসি ব্যাংকে।
টরন্টোর বাঙালি কমিউনিটির কাছে তরুণ জনপ্রিয় মুখ রিজুয়ান রহমান। চাকরি করছেন আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনে। বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে এই ভিনদেশের বুকে সমুন্নত রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বললেন, ‘যখন আমি প্রথম কানাডায় আসি, আমার মনে একটাই সংকল্প ছিল, নিজেকে শক্ত একটা ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। আসার পর বছর তিনেক তাই শুধু নিজের চাকরিতেই মনোযোগ দিয়েছি। এরপর কমিউনিটির পরবর্তী প্রজন্মকে নিয়ে কাজ করছি। গঠন করেছি ইয়ুথ এনগেজমেন্ট ইনিশিয়েটিভ (ওয়াইইআই)।’