কানাডায় ভালো নেই বাংলাদেশি ডাক্তাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে কানাডায় বসবাসের জন্য আসা ডাক্তারের সংখ্যা আনুমানিক তিন হাজারেরও বেশি। টরন্টোয় বেশ কিছুদিন আছেন এমন কয়েকজন বাংলাদেশি ডাক্তারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ থেকে আসা ডাক্তারের সংখ্যা তিন হাজার হলেও এখানে এই পেশায় আছেন মাত্র হাতে গোনা কয়েকজন। তাঁদের মধ্যে টরন্টোতেই আছেন বেশির ভাগ; যাঁরা ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। কয়েকজন কাজ করছেন সাইকিয়াট্রিস্ট হিসেবে। তবে শিক্ষকতা পেশায়ও আছেন কয়েকজন।

ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে এই প্রতিবেদকের জানা মতে, টরন্টোতে যাঁরা আছেন তাঁরা হচ্ছেন এন দত্ত, কামরুজ্জামান, আবু শামিম মো. আরিফ, মাহফুজুর রহমান, সুবর্ণা আমিন, এ এস এম নুরুল্লা তরুণ, জিনিয়া আহমেদ, রেহানা আক্তার, রোকেয়া রুবিনা, হুসেইন মনসুর (ডেন্টিস্ট) প্রমুখ।

মার্কহাম স্টোফভিল হাসপাতালে আছেন শাহিদা সুলতানা, হ্যামিলটনে আছেন রওনক সুলতানা জেসমিন। ব্রাম্পটনে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে অনেক বছর কাজ করছেন ডা. মরতুজা। উইন্ডসরে ডা. শাহিন। ওন্টারিও ছাড়াও কানাডার অন্যান্য প্রভিন্সে বাংলাদেশি ডাক্তাররা বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। সাসকাচুনের রেজিনায় বেস্ট ডক্টর হিসেবে স্বীকৃতি পেয়েছেন আশিস পাল। ক্যালগ্যারিতে তানভীর চৌধুরী, মন্ট্রিলে আছেন নিয়াজ আহমেদ খান, সমির সি রয় প্রমুখ। ভ্যাংকুভারে আছেন সৈয়দ হক, মান্ডি করিম, অসিত বর্ধন এবং ডা. খান।

শিক্ষকতা পেশায়ও ভালো করছেন বাংলাদেশি ডাক্তাররা। কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল রিসার্চ ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিন প্রোটন রহমান, ম্যাকমাস্টর ইউনিভার্সিটির প্যাথলজি ও মলিকিউলার বিভাগের ওয়ালিউর খান, সানি ব্রুক হাসপাতালের সহকারী অধ্যাপক অসিম আলম, ইউনিভার্সিটি অব টরন্টো ও রায়ারসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি ভুইয়া বাংলাদেশি। বিশ্বখ্যাত ডাক্তার, যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটির অধ্যাপক হামিদ রব পড়াশোনা করেছেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে।

শফি ভুইয়া কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ে একটি ব্রিজিং প্রোগ্রাম চালু করেছেন। ইন্টারন্যাশনালি ট্রেইনড মেডিকেল প্রফেশনাল (আইটএমডি) নামের এই ব্রিজিং প্রোগ্রামটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কানাডার বিভিন্ন হাসপাতাল ও গবেষণাপ্রতিষ্ঠানে ক্লিনিক্যাল রিসার্চে কাজ করছেন বেশ কয়েকজন বাংলাদেশি ডাক্তার।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছিলেন তানজিনা মির্জা। পিএইচডি করেছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে তিনি কানাডার প্ল্যান ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্রোগ্রাম অফিসার। এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেন মাহবুবুল ইসলাম। তিনিও ডাক্তার। আছেন আরও কয়েকজন। এন্ট্রাপ্রেনিউর হিসেবেও আছেন ডাক্তাররা। টরন্টোর এই একাডেমির প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলাদেশি ডা. মাহমুদ।

তবে বিপরীত চিত্রও আছে। এখানে ডাক্তার হতে না পেরে পেশা পরিবর্তন করে কেউ করছেন নার্সিং। প্যাথলজিস্ট, ডক্টরস্ অ্যাসিস্ট্যান্ট, সিকউরিটি গার্ড, ট্যাক্সি ড্রাইভার, দোকানে সেলসম্যানের চাকরির মতো অপ্রত্যাশিত কাজও বাংলাদেশি ডাক্তারদের করতে হচ্ছে। আর বেকার জীবন কাটাচ্ছেন এমন ডাক্তারের সংখ্যাও অনেক। বাংলাদেশি এসব ডাক্তারের বেশির ভাগই আছেন হতাশায়, জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার।

অন্য দেশ থেকে যেসব ডাক্তার কানাডায় আসেন, তাঁদের প্র্যাকটিস করতে হলে মেডিকেল কাউন্সিল অব কানাডার পার্ট ওয়ান ও পার্ট টু পাস করতে হয়। এরপর কলেজ অব ফ্যামিলি ফিজিশিয়ান অব কানাডা বা রয়েল কলেজ অব ফিজিশিয়ান অব সার্জন থেকে সার্টিফাইড হতে হয়। তবে প্রায় শতাধিক বাংলাদেশি পার্ট ওয়ান ও পার্ট টু পাস করে বছরের পর বছর বসে থেকেও লাইসেন্স পাচ্ছেন না—এমন চিত্রও আছে। বাংলাদেশি ডাক্তার দম্পতি অনুপম অপু ও হুমায়রা ফেরদৌসকে নিয়ে দৈনিক টরন্টো স্টার ২০১৪ সালের ১ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে কানাডায় বিদেশ থেকে আসা ডাক্তারদের হতাশার বিষয়টি তুলে ধরা হয়।

Imamuddin 015 @gmail. com