কানাডায় মেক্সিকান বন্দীর সংখ্যা হঠাৎ বৃদ্ধি
কানাডার কারাগারে গত ডিসেম্বর থেকে মেক্সিকোর নাগরিক বন্দীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। মেক্সিকোর পর্যটকদের জন্য কানাডা ভিসা-ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিলেও এই দেশে মেক্সিকোর নাগরিক বন্দীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
বিদেশি অভিবাসী গ্রহণে কানাডা আমেরিকার চেয়েও বেশি উদার—এমন ভাবমূর্তি গড়ে তুললেও কানাডায় গত দুই বছরের সম্মিলিত সংখ্যার চেয়ে ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে কারাগারে বন্দীর সংখ্যা দ্বিগুণের বেশি। বার্তা সংস্থা রয়টার্স কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির বরাত দিয়ে গত সপ্তাহে এই পরিসংখ্যান তুলে ধরে।
গত বছরের নভেম্বরে কারাগারে মেক্সিকোর ২৪ জন নাগরিক বন্দী ছিল। চলতি বছরের এপ্রিল থেকে বন্দীদের সংখ্যা ১০ গুণের বেশি হয়ে ৩৩১ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে গত নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত উদ্বাস্তু মর্যাদা প্রত্যাশী মেক্সিকোর নাগরিকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।