কানাডায় যাত্রীবাহী ট্রেনে হামলার পরিকল্পনা
যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নস্যাত করে দিয়েছে কানাডার পুলিশ। হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার সকালে টরন্টো থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই ব্যক্তি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি ইরানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। এদিকে জামিনের বিষয়ে শুনানির জন্য গতকাল মঙ্গলবার টরন্টোর একটি আদালতে তাদের হাজির করা হয়। তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র এবং মানুষ হত্যা করতে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চিহেব ইয়েগহায়ের (৩০) ও রায়েদ জাসের (৩৫)। এই দুজনের কাছে ইরানে তৈরি বোমার রাসায়নিক দ্রব্য ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে।কর্তৃপক্ষ জানায়, চিহেব ইয়েগহায়ের মন্ট্রিলের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডি লা রিসার্চ সায়েন্টিফিক প্রতিষ্ঠানের পিএইচডির ছাত্র। অন্যদিকে রায়েদ জাসের টরন্টোর বাসিন্দা। গবেষণা প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের পরিচালক জুলি মার্টিনিয়াও বলেন, ইয়েগহায়ের ২০১০ সাল থেকে এনার্জি অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্সের ওপর গবেষণা করছেন। তাঁর গবেষণা মাঝামাঝি পর্যায়ে রয়েছে।আরসিএমপি কর্মকর্তা জেমস মালিজিয়া বলেন, হামলার পরিকল্পনা সফল হলে ওই ট্রেনের অনেক নিরীহ যাত্রী নিহত বা গুরুতর আহত হতো। গত সপ্তাহে বোস্টন ম্যারাথনে বোমা হামলার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।মালিজিয়া আরও বলেন, ওই দুজন ইরানভিত্তিক একটি আল-কায়েদা গোষ্ঠীর কাছ থেকে সহায়তা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের হামলার পরিকল্পনার সঙ্গে ইরানের যুক্ত থাকার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।সন্দেহভাজন ওই দুজন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন ভ্যালি হয়ে কানাডার অন্টারিওর নায়াগ্রা ওয়াইনারি অঞ্চলে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘ভায়া রেলকে’ হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। দুজনের কেউই কানাডার নাগরিক নন। তাঁদের নাগরিকত্বের বিষয়টি পুলিশ প্রকাশ করেনি। তবে তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, তাঁদের একজন তিউনিসিয়ার নাগরিক। হতাশাচ্ছন্ন ও চরমপন্থী মনোভাবাপন্ন কানাডার কিছু ব্যক্তি দেশের ভেতর ও বাইরে হামলা চালাতে পারে, কানাডার গোয়েন্দা সংস্থা অনেক দিন ধরেই এই আশঙ্কা করছিল। গত সপ্তাহে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এক বোমা হামলায় অংশ নেন।পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার দুই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বলেন, সম্ভাব্য বোমা হামলা নিয়ে এক বছর ধরে তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন। মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া অনেক তথ্য তাঁদের তদন্তে সহায়তা করেছে। এই দুজনকে ধরতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও সহযোগিতা দিয়েছে।