কানাডায় শিশুসহ আট ব্যক্তিকে গুলি করে হত্যা
কানাডায় দুই শিশুসহ আটজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে এক ব্যক্তি। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহরে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকালে হত্যাকারী আত্মহত্যা করে। খবর এএফপির।
ঘটনার সঙ্গে ‘সাংসারিক অশান্তি’র যোগসূত্র আছে বলে দাবি করেছে পুলিশ। শুধু নিহত একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকি নিহত ও হত্যাকারীর পরিচয় ও তাদের মধ্যকার সম্পর্ক বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ এডমন্টনের একটি বাড়িতে সিনডি ডুয়ং নামে ত্রিশের কোঠার এক নারীর লাশ পাওয়া যায়। পরে বিষণ্ন ও হতাশাগ্রস্ত ওই ব্যক্তি শহরের উত্তর অংশে একটি নির্দিষ্ট বাড়িতে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। মধ্যরাতে পুলিশ জানতে পারে, একটি বাড়িতে সাতটি মৃতদেহ পাওয়া গেছে। মৃতদের মধ্যে ছিল দুটি শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ। মঙ্গলবার সকালে উত্তর-পূর্ব এডমন্টনের একটি রেস্তোরাঁয় এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানতে পারে পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে হত্যাকারীর বর্ণনা মিলে যায়।