কানাডায় সাজ সাজ রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে পতাকা এঁকে কানাডা ডের প্যারেডে অংশ নিয়েছেন ক্লারা সোয়াইন। উৎসবে যোগ দিতে ইস্ট ইয়র্ক টরন্টো থেকে এসেছেন তিনি। ছবি: রয়টার্স
মুখে পতাকা এঁকে কানাডা ডের প্যারেডে অংশ নিয়েছেন ক্লারা সোয়াইন। উৎসবে যোগ দিতে ইস্ট ইয়র্ক টরন্টো থেকে এসেছেন তিনি। ছবি: রয়টার্স

১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে কানাডা। দেশটির বিভিন্ন শহরে চলছে আনন্দ উৎসব। অটোয়ার পার্লামেন্ট হিলের সামনে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

বিবিসির খবরে জানা যায়, সমবেত জনতার উদ্দেশে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আপনারা কোথা থেকে এসেছেন বা কোন ধর্ম পালন করেন, তা নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা সবাইকে কানাডায় স্বাগত জানাই।’

১৫০তম বার্ষিকীর উৎসবে টরন্টোর রাস্তায় কানাডাবাসী। ছবি: রয়টার্স
১৫০তম বার্ষিকীর উৎসবে টরন্টোর রাস্তায় কানাডাবাসী। ছবি: রয়টার্স

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় লোকজন সেখানে জড়ো হতে থাকে। তাদের মধ্যে নতুন নাগরিকেরাও ছিল। মর্গান হেইনস, জন সালামাতি, নিমা সাহেবির মতো শিক্ষার্থীরা ভোরবেলাতেই পাহাড়ে গিয়ে জড়ো হন। উদ্দেশ্য, সেখান থেকে মূল মঞ্চের অনুষ্ঠান ও আতশবাজি ভালোভাবে দেখা।

কানাডার পশ্চিম উপকূলের ভ্যানকুভার থেকে ওই তিন শিক্ষার্থী এসেছেন। কানাডার রাজধানীতেই তাঁরা উৎসব উদ্‌যাপন করতে চান।

১৫০তম বার্ষিকীতে কানাডার শিল্পীরা কনসার্টে অংশ নেবেন। কানাডার নতুন নাগরিকদের জন্য থাকবে বিশেষ প্রদর্শনী। থাকবে আতশবাজি প্রদর্শনীও।

কানাডার উৎসবে যোগ দিতে গিয়েছেন প্রিন্স চার্লসও। ছবি: রয়টার্স
কানাডার উৎসবে যোগ দিতে গিয়েছেন প্রিন্স চার্লসও। ছবি: রয়টার্স

পার্লামেন্ট লনে প্রায় ২৫ হাজার মানুষ জড়ো হয়। ট্রুডো তাদের উদ্দেশে ইংরেজি ও ফ্রেঞ্চ দুই ভাষাতেই বক্তব্য দেন।

কানাডার ক্ষুদ্র জাতিসত্তার লোকজন নিপীড়নের শিকার মন্তব্য করে ট্রুডো বলেন, ‘আমাদের অতীতের ভুলগুলো শোধরাতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।’ প্রতিবছরের ১ জুলাই কানাডা ডে উদ্‌যাপিত হয়। দিনটি কানাডায় জাতীয় ছুটির দিন।