কানাডায় সাড়ম্বরে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে থেকেও নববর্ষের দিনটি উদ্যাপনে ভুল করেন না প্রবাসীরা। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানে অতিথিরা
বিদেশে থেকেও নববর্ষের দিনটি উদ্যাপনে ভুল করেন না প্রবাসীরা। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানে অতিথিরা

কানাডার মতো দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসারে বাংলা নববর্ষ উদ্‌যাপন ও বৈশাখী মেলার আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি সম্প্রসারণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এ কথা বলেছেন। গত সপ্তাহান্তে ঐতিহ্যবাহী ব্রন্সন সেন্টারে আয়োজিত বাংলা বর্ষবরণ এবং বৈশাখী মেলায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অটোয়া, টরন্টো ও মন্ট্রিয়ল থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে যোগদান করেন। কানাডা ও অন্যান্য দেশের অতিথিরাও যোগ দেন এ বৈশাখী মেলায়।

বাংলা নববর্ষ ১৪২৪-কে স্বাগত জানিয়ে ও মেলার উদ্বোধন ঘোষণা করে হাইকমিশনার মিজানুর রহমান বলেন, বাঙালি সংস্কৃতি এবং আমাদের দেশজ কৃষ্টিকে তুলে ধরা এ বৈশাখী মেলার অন্যতম উদ্দেশ্য। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

ঐতিহ্যবাহী বাংলা গান ও সুরের ঝংকারে সঙ্গে সুস্বাদু বাঙালি খাবারের আপ্যায়নের মধ্য দিয়ে পয়লা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

মেলার স্টলগুলোর অন্যতম ছিল ‘মুভমেন্ট ফর ডিপোর্টেশন অব কিলার নূর চৌধুরী’ আন্দোলন, যার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে মেলায় আগত অতিথিদের স্বাক্ষর সংগ্রহ করেন। এ বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন সোমা সাইফুদ্দিন। বাংলাদেশ হাইকমিশনের প্রথম স্টলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যসমৃদ্ধ গ্রন্থ, বঙ্গবন্ধুর ছবি এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, পর্যটন, গ্রাম-বাংলার জীবন, পালা-পার্বণ ও উৎসবের প্রতীক সমৃদ্ধ বিভিন্ন স্মারক ডিসপ্লে করা হয়। হাইকমিশনের দ্বিতীয় স্টলে অতিথিদের দেশীয় বিভিন্ন খাবারে আপ্যায়নও করা হয়। গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে কানাডার বিভিন্ন শহরে হাইকমিশন আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে প্রাপ্ত নির্বাচিত চিত্রকর্মের প্রদর্শনী মেলায় যোগ করে বাড়তি আকর্ষণ।

বিভিন্ন পসরা নিয়ে সাজানো স্টলগুলোর মধ্যে ছিল অ্যালাইভ এডুকেশন (বিকল্প শিক্ষাদান প্রতিষ্ঠান), বাংলা ক্যারাভান, কবি-লেখক মোহসীন বখতের বইয়ের সংগ্রহ, নার্গিস বুটিক, ফিউশন বুটিক এবং ডানা’স কুইসিন (বাংলাদেশসহ দক্ষিণ এশীয় খাবারের দোকান)।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের কমিশনার মিজানুর রহমান ও তাঁর সহধর্মিণী নিশাত রহমান। ‘বঙ্গবন্ধু, দা গ্রেটেস্ট লিডার’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (বয়স ৫-১০) প্রথম হয় তাসমিয়াহ খান; দ্বিতীয় দেওয়ান ফাতিমা সাইয়িদা এবং তৃতীয় আরিয়ানা আলিশা চৌধুরী। ‘খ’ গ্রুপে (বয়স ১১-১৬ বছর) প্রথম হয় সন্দীপন সাহা, দ্বিতীয় ওয়াফা ইসলাম এবং তৃতীয় ফাইকা শিকদার।

সংগীত পরিবেশন করেন সাখাওয়াত হোসেন রিজওয়ানা আলমগীর, শিশির শাহনেওয়াজ এবং শিশুশিল্পী তাথৈ। সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ এবং ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ গেয়ে নতুন বছরকে স্বাগত জানায় শিশুশিল্পী অ্যালিসিয়া, ইস্টি, আলিনা, ওয়াজিদ ও চন্দ্রিমা। কবিতা আবৃত্তি করেন গিয়াস ইকবাল সোহেল এবং শিশু আবৃত্তিকার সানোভা। নাচ পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে কারিনা দত্ত এবং শিশু নৃত্যশিল্পী লারিসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব দেওয়ান মাহমুদ। সার্বিক নির্দেশনায় মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ এবং সমন্বয় ও ব্যবস্থাপনায় প্রথম সচিব আলাউদ্দিন ভূঁইয়া। হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।