কানাডীয় বাঙালি লেখক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনের মঞ্চে বিএলআরসি সাহিত্য পত্রিকার সম্পাদকমণ্ডলী ও লেখকেরা l ছবি: নাদিম ইকবাল
সম্মেলনের মঞ্চে বিএলআরসি সাহিত্য পত্রিকার সম্পাদকমণ্ডলী ও লেখকেরা l ছবি: নাদিম ইকবাল

অশ্রুতপূর্ব, অভূতপূর্ব, অভাবিতপূর্ব। এক কথায় অপূর্ব! বিদেশে বসবাস করেও বাঙালি যে তার সাহিত্য-সংস্কৃতিকে ভালোবেসে কীভাবে নিজের নৈমিত্তিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়ে সঞ্জীবিত হয়েছে তার প্রমাণ মিলল ১৪ অক্টোবর টরন্টোর রয়াল কানাডিয়ান লিজিয়ন হলে। শহরের সাহিত্যপ্রেমীরা শুধু নয়, বিপুলসংখ্যক লেখক-পাঠক ও শ্রোতা-দর্শক এসেছিলেন কানাডার বিভিন্ন প্রদেশ থেকে। যোগ দিয়েছেন বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) দ্বিতীয় কানাডীয় বাঙালি লেখক সম্মেলনে। প্রথম সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ৩ ডিসেম্বর।
সম্মেলনে শুধু আমন্ত্রিত হয়েই নন, সাহিত্যের প্রতি টান থেকে নিজেই উদ্যোগী হয়ে সম্মেলনে এসেছিলেন টরন্টোর কবি লরিয়েট অ্যান মাইকেল, কবি আসাদ চৌধুরী, এমপিপি আর্থার পটস (বিচেস ইস্ট ইয়র্ক), রাইটার্স ট্রাস্ট অব কানাডার নির্বাহী পরিচালক মেরী অসবর্ন, রাইটার্স ইউনিয়ন অব কানাডার নির্বাহী পরিচালক জন ডিগান। ছিলেন কবি ইকবাল হাসান, লেখক-চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, কথাসাহিত্যিক সালমা বাণী প্রমুখ।
সম্মেলন শুরুর প্রতিশ্রুতি বিকেল ৪টায় হলেও শুরুটি হয়েছে ৪টা ২০ মিনিটে। কিন্তু এ নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না। কারণ, শেষটা হয়েছে দারুণ, ঘড়ির কাঁটা ধরে। কয়েক বছরের মধ্যে টরন্টোর বাঙালি অভিবাসীরা তাঁদের অভিভাবকসম যে কজন গুণীজনকে হারিয়েছে তাঁরা হলেন ড. মিজান রহমান, ড. জহিরুল ইসলাম, মাহফুজুল বারী, মোল্লা বাহাউদ্দিন ও ড. প্রশান্ত সরকার। এঁদের স্মরণে প্রথমেই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এরপর মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথমেই তাঁর স্বভাবসুলভ বিনয়ী ভঙ্গিতে সংক্ষেপে স্বাগত বক্তৃতা করেন বিএলআরসির সভাপতি ড. রাখাল সরকার। এরপর একে একে আমন্ত্রিত অতিথিরা বক্তৃতা করেন। রাইটার্স ট্রাস্ট অব কানাডার নির্বাহী পরিচালক মেরি অসবর্ন ও রাইটার্স ইউনিয়ন অব কানাডার নির্বাহী পরিচালক জন ডিগান উভয়ই চমৎকার অথচ সংক্ষিপ্ত ভাষণে বিএলআরসিকে তাঁদের অকুণ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে সাহিত্যকর্ম-বিষয়ক আর্থিক অনুদানের কথা স্মরণ করিয়ে দেন, যা সৃজনশীল এবং অনুবাদ সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে। এমনকি জরুরি প্রয়োজনে লেখকদের সাময়িক আর্থিক সহযোগিতার সংস্থান রয়েছে বলে
তাঁরা জানান। দুজনই লেখক ও বিএলআরসিকে উৎসাহিত করে অনুদান ব্যবহার করার সম্ভাব্যতা যাচাই করার
পরামর্শ দেন। ড. দিলীপ চক্রবর্তী তাঁর সুলিখিত ভাষণে বিএলআরসির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
কবি আসাদ চৌধুরী অত্যন্ত বিত্তশালী। যেমন তাঁর কবিতার ভাবসম্পদে তেমন তাঁর কণ্ঠের সৌকর্যে। রুপালি তবক দেওয়া পানের মতো সৌন্দর্যময় তাঁর সদা হাস্য বাচনভঙ্গি। ইংরেজি অনুবাদসহ তিনি তাঁর ছোট্ট দুটি কবিতা পড়ে শোনালেন, ‘বৃক্ষ কি অভিবাসী হবে’ আর ‘অটোবায়োগ্রাফি’। সহজিয়া মানুষ কবি আসাদ চৌধুরী অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত হলজুড়ে ঘুরে বেড়ান, দর্শক-শ্রোতার সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেও অনুষ্ঠানে অংশ নেন।
সম্মেলনের উদ্ধোধনের পর বিকেল ৫টা ১০ মিনিটে বিএলআরসির অন্যতম পরিচালক ও সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক গবেষক সুজিত কুসুম পাল সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এবার পত্রিকাটির কলেবরে কোনো পরিবর্তন ঘটেনি (দুটিই ১৩৬ পৃষ্ঠার) কিন্তু লেখকের সংখ্যা বেড়েছে। মোট ৭২ জন লিখেছেন চলতি সংখ্যায়। যার ফলে অভ্যন্তরীণ অঙ্গসজ্জায় ঠাস-বুনন ভাবটি লক্ষ করা যায়। পত্রিকার এ সংখ্যার লেখকদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে এই পর্ব ১০ মিনিটের মধ্যেই শেষ হয়।
ঘড়ির কাঁটার ঠিক ৫টা ২০ মিনিটে অদিতি কাজীর সঞ্চালনায় শুরু হয় তরুণ লেখকদের সঙ্গে প্রশ্নোত্তরপর্ব। এতে অংশ নেন অর্ক ভট্টাচার্য, সূচনা দাস বাঁধন, ব্রতী দাস দত্ত ও মেরিলিন সামান্থা পাণ্ডে। প্রত্যেকেই অত্যন্ত সপ্রতিভ সাবলীলতায় তাঁদের সাহিত্যচর্চার ভাবনা-বেদনাগুলো তুলে ধরেছেন, তাঁদের সমস্যা ও সংকট নিয়ে অকপটে কথা বলেছেন। কথা বলেছেন তাঁদের চর্চার বিষয়, ভাষা ও আকাঙ্ক্ষা নিয়ে। আর গভীর আগ্রহভরে, উৎসাহে ও উচ্ছ্বাসে তা শুনেছেন লব্ধপ্রতিষ্ঠ লেখক এবং অগ্রসর গুণীজনেরা। তুমুল করতালি জানান দিচ্ছিল তরুণদের কথামালা তাঁদের কতটা আপ্লুত করেছে। অগ্রজ সাহিত্যিকদের সঙ্গে তরুণ লেখকদের সেতুবন্ধনের এই প্রয়াস বিএলআরসির কার্যক্রমের এক অন্যতম উপাদান। বিএলআরসি প্রেজেনটিং বেঙ্গলি লিটারেচার ইন ইংলিশ’ শীর্ষক প্রবাসী বাঙালি তরুণদের বাংলাভাষায় প্রকাশিত উল্লেখযোগ্যসংখ্যক ইংরেজিতে অনূদিত বইয়ের মাধ্যমে পরিচয় ঘটিয়ে দেওয়ার উদ্দেশে বর্ষব্যাপী এক প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্প পরিচালক ও সমন্বয়কারী হিসেবে থাকছেন যথাক্রমে আকবর হোসেন ও তাসমিনা খান। প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছেন আমেরিকাপ্রবাসী ডা. দেবাশীষ মৃধা।
এমন অনেক বাঙালি লেখক আছেন যাঁরা দীর্ঘদিন থেকে লিখছেন কিন্তু লিখছেন ইংরেজিতে। বাঙালি লেখকদের মধ্যে যাঁরা ইংরেজি ভাষায় লিখতে স্বচ্ছন্দবোধ করেন এবং লেখেনও তাঁদের নিয়ে সংক্ষিপ্ত চা বিরতির পর সন্ধ্যা ঠিক ছয়টায় শুরু হয় অর্ক ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময়পর্ব। এঁদের প্রায় সবারই বক্তব্যে যে কথাটি উঠে এসেছে তা হচ্ছে পারিবারিক পরিবেশ, প্রতিবেশই তাঁদের ধীরে ধীরে ইংরেজিতে ভাবতে এবং লিখতে অনুপ্রাণিত করেছে। কিন্তু বাঙালি হিসেবে প্রত্যেকেরই রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর মমত্ববোধ। অত্যন্ত দক্ষতার সঙ্গে অর্ক তাঁদের স্বীকারোক্তি তাঁদের মুখ থেকেই বের করে এনেছেন। এ পর্বে অংশ নিয়েছিলেন আয়েশা চ্যাটার্জি, শুক্লা দত্ত, দয়ালী ইসলাম, সঞ্চারী সূর ও রেজা সাত্তার।
এরপর আকবর হোসেন কানাডীয় কবি রোনা ব্লুম, আনা ইয়ীন, শাহানা আকতার মহুয়া ও বাংলাদেশের কবি-অনুবাদক পারভেজ চৌধুররীকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন। এই পর্বটি আকর্ষণীয় ছিল বিশেষত দুটি কারণে। বিএলআরসির অন্যতম লক্ষ্য, কানাডীয় কবি সাহিত্যিকদের সঙ্গে বাংলাভাষী লেখক-পাঠকদের অধিকতর সংযোগ ঘটানো। আকবর হোসেন প্রথমে কানাডীয় কবিদের কাব্যভাবনা নিয়ে আলাপচারিতা করেন। পরে কবি পারভেজ চৌধুরীর কাছে তাঁর কানাডীয় কবিদের অনুবাদের পরিপ্রেক্ষিত জানতে চান। পারভেজ চৌধুরী এ প্রসঙ্গে তাঁর শীতের দেশের কবি ও কবিতার উষ্ণতার অনুসন্ধানের কাহিনি বর্ণনা করেন। খুবই উপভোগ্য হয়েছিল এ পর্বটি চৌকস সঞ্চালনা ও অংশগ্রহণকারী ব্যক্তিদের খোলামেলা বক্তব্যের কারণে।
ফিকশনের কী কোনো বাংলা প্রতিশব্দ আছে? না নেই। আমি কল্পসাহিত্য বলতেই পছন্দ করি। কিন্তু মতান্তর-মনান্তরের ঝামেলায় না গিয়ে বরং ফিকশন ফিকশনের জায়গাতেই থাকুক। জনপ্রিয় উপস্থাপক চয়ন দাস মঞ্চে এলেন কথাসাহিত্যিক সৈয়দ ইকবাল, সালমা বাণী, ফরিদা রহমান, মামুনুর রশীদ, শাহীনুর ইসলাম ও আবদুল হাসিবকে সঙ্গে নিয়ে। ফিকশন-ননফিকশনের ব্যাপক ব্যবচ্ছেদ হলো। যদিও আলোচনাটি বিষয়ভিত্তিক, সবার প্রাণবন্ত আলোচনা ও সাহিত্য পাঠ দর্শক-শ্রোতা নিবিষ্টমনে দর্শন-শ্রবণ করেছেন।
এরপর ননফিকশন পর্বে অংশ নিতে মঞ্চে আসেন সৈকত রুশদী, সুধীর সাহা, নজরুল মিন্টো ও হাসান মাহমুদ। সঞ্চালনায় ছিলেন সারিয়া তানজিম সুমনা। এ পর্বে অংশগ্রহণকারী সবারই সাহিত্যকর্মের বাইরেও ভিন্ন মাত্রার পরিচয় রয়েছে। সম্ভবত সে কারণেই এঁরা প্রত্যেকেই ফিকশন লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভের সুযোগ থাকা সত্ত্বেও হয়ে উঠেছেন ননফিকশন লেখক। সুধীর সাহা অভিবাসন আইনজ্ঞ কিন্তু তাঁর লেখনী প্রধানত সমাজ-সংস্কৃতি নিয়ে। নজরুল মিন্টো কানাডার অভিবাসী হয়েছেন ৪০ বছর আগে। কানাডায় ‘দেশে-বিদেশে’ তাঁর এবং তাঁর পরিবারের হাত ধরেই প্রকাশিত হয়। আর এই পত্রিকাকে আশ্রয় করেই বিকশিত হতে থাকে প্রবাসী সাংবাদিক ও লেখকগোষ্ঠী। পর্বটি চলে রাত পৌনে নয়টা পর্যন্ত।
সন্ধ্যার সবশেষ আয়োজন কবিতা নিয়ে আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠ। অংশ নেন অশোক চক্রবর্তী, রুমানা চৌধুরী, শওকত সাদী, মৌ মধুবন্তি, মানজুমান আরা ও শিউলী জাহান। কবি দেলোয়ার এলাহীর ভরাট কণ্ঠের সঞ্চালনায় একে একে কবিরা সবাই তাঁদের কবিতা আবৃত্তি করেন। কবির স্বকণ্ঠে কবিতা পাঠ সব সময়ই শ্রোতা-পাঠকের মনে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। আবৃত্তিকার কবিতা আবৃত্তি করেন তাঁর নিজস্ব বোধের অনুষঙ্গে আর কবি নিজে তাঁর কবিতা পাঠ করেন রচনার পরিপ্রেক্ষিত ও আবেগের অনুষঙ্গে। কবিতার মূল ভাবটিকে পাওয়া হয় তখনই, যখন কবিতাটিকে এবং কবিকে পুরোপুরি পাওয়া হয়। কবি নিজে ছাড়া কে আর এই কাজটি সঠিকভাবে করতে পারে! বড় মনোজ্ঞ ছিল এই কবিতা পাঠ পর্বটি।
পুরো অনুষ্ঠানটি ইংরেজিতে ঘোষণা ও উপস্থাপনায় ছিলেন তাসমিনা খান। আগত সবার জন্য বিএলআরসি ব্যবস্থা করেছিল রাতের খাবারের। মিষ্টান্ন পর্যায়ে আয়েশ করে পায়েস খেতে খেতে দর্শকদের দেখা গেছে অনুষ্ঠান নিয়ে আলোচনা-আড্ডায় মেতে উঠতে। ইতিমধ্যে পৌনে ১০টার দিকে বিএলআরসির সচিব ফায়জুল করিম সমাপনী বক্তব্য শেষ করেছেন। কিন্তু কী এসে যায় তাতে? কারও কোনো ক্লান্তি নেই, কানায় কানায় পূর্ণ হলঘরে নেই কোনো বিশৃঙ্খলা। এতটা সুশৃঙ্খল, এতটা হার্দিক, এতটা সফল কাব্যিক আয়োজন বাঙালির জীবনে খুব কমই আসে।
সম্মেলনে সাহিত্য আয়োজন ছাড়াও কানাডার বাঙালি লেখকদের বই প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা ছিল। যার সুযোগ অনেক লেখকই নিয়েছেন।