কানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগকারী নারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে ‘সংশয়ের’ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দৃশ্যত বড় ধরনের ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো এ কথা জানায়। আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, স্ত্রস-কানের বিরুদ্ধে অভিযোগ করা গিনিতে জন্মগ্রহণকারী ওই নারী হোটেলকর্মী ঘটনা সম্পর্কে তাঁদের কাছে বারবার মিথ্যা বলেছেন।কর্মকর্তারা বলেন, ওই নারী যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থনার আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়, শুক্রবারের শুনানিতে সরকারি কৌঁসুলিরা ৩২ বছর বয়সী ওই নারীর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আদালতের কাছে তাঁদের উদ্বেগ প্রকাশ করার পরিকল্পনা করেছেন। শুক্রবার স্ত্রস-কানের আদালতে হাজির হওয়ার কথা। তাঁর আইনজীবীরা জামিনের শর্ত শিথিল করার জন্য আবেদন করবেন বলে মনে করা হচ্ছে। কান এখন নিউইয়র্কে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।মামলা নিয়ে সন্দেহের সৃষ্টি হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে স্ত্রস-কানের ফিরে আসার সম্ভাবনা জোরদার হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।স্ত্রস-কানের বিরুদ্ধে সর্বমোট সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগসহ চারটি অভিযোগ গুরুতর। স্ত্রস-কান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন।এর আগে শুনানিতে সরকারি কৌঁসুলিরা মামলার দৃঢ় ভিত্তি রয়েছে বলে দাবি করেছিলেন। একজন আইনজীবী বলেছিলেন, স্ত্রস-কানের বিরুদ্ধে প্রমাণ ‘সুদৃঢ়’।ফরেনসিক পরীক্ষায় স্ত্রস-কান ও ওই নারীর মধ্যে যৌন সংসর্গের অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছিল। মনে করা হচ্ছে, স্ত্রস-কানের আইনজীবীরা আদালতে বলবেন উভয়ের সম্মতিতেই যৌনসংসর্গের ঘটনা ঘটেছিল।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভিযোগকারী নারী ঘটনার পারিপার্শ্বিকতা অথবা নিজের সম্পর্কে সরকারি কৌঁসুলিদের যা বলেছিলেন, তার বেশির ভাগই তাঁরা বিশ্বাস করেন না। খবরে বলা হয়, কৌঁসুলিদের ধারণা, ওই নারী আশ্রয়প্রার্থনার আবেদনে যেসব দাবি করেছেন, তাতেও অসংগতি রয়েছে।নিউইয়র্কের সোফিটেল হোটেলে কক্ষ গুছিয়ে রাখার কাজ করা ওই নারী কর্তৃপক্ষকে বলেছেন, কক্ষে প্রবেশ করার পর কান তাঁকে যৌন হয়রানি করেছেন।কৌঁসুলিদের ধারণা, এক মাদক ব্যবসায়ীর সঙ্গে ওই নারীর সম্পর্ক রয়েছে। মেয়েটির ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছিল। এ যৌন কেলেংকারির অভিযোগের আগ পর্যন্ত দমিনিক স্ত্রস-কানকে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল। বিবিসি, রয়টার্স, টেলিগ্রাফ।