কান্দাহারে পুলিশ সদর দপ্তরে হামলা নিহত ১৯
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে পুলিশ সদর দপ্তরে তালেবান জঙ্গিদের হামলায় ১৫ পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত ও শিশুসহ ৪৯ জন আহত হয়েছে। এ সময় পুলিশ-জঙ্গি কয়েক ঘণ্টা গুলিবিনিময় হয়। এ ছাড়া সদর দপ্তরের বাইরে তিনটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। অপর তিনটি গাড়িবোমা নিষ্ক্রিয় করা হয়। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সে দেশের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আফগানিস্তানের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের বিরুদ্ধে শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করছে তারা।হামলার সত্যতা নিশ্চিত করে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) বলেছে, এতে কোনো বিদেশি সেনা হতাহত হয়নি। তবে আফগান পুলিশের ১৫ জন সদস্য, একজন গোয়েন্দা সদস্য, একজন আফগান সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের বেশিসংখ্যকই পুলিশ। কয়েকটি শিশুও রয়েছে। এএফপি ও বিবিসি।