কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোসেফ কাবিলা পুনর্নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন গত শুক্রবার তাঁকে নির্বাচিত ঘোষণা করে। তবে কাবিলার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এদিকে দেশটির কয়েকটি এলাকা থেকে নির্বাচন-পরবর্তী ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচনে দ্বিতীয় স্থান পাওয়া প্রার্থী এটিন্নি শিশেকেদি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। আর তৃতীয় স্থান পাওয়া প্রার্থী ভাইটাল ক্যামেরহ এটিন্নি শিশেকেদিকে স্বীকৃতি দিয়েছেন।নির্বাচন কমিশন-ঘোষিত অঞ্চলভিত্তিক ফলে দেখা গেছে, ২০০১ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট কাবিলা পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিন্নি শিশেকেদি পেয়েছেন ৩২ দশমিক ৩ শতাংশ ভোট।নির্বাচনের এ ফল প্রত্যাখ্যান করে শিশেকেদি দাবি করেছেন, দলীয় উদ্যোগে ভোটকেন্দ্রগুলো থেকে সরাসরি সংগৃহীত ফলে তিনি ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। আর প্রেসিডেন্ট কাবিলা পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট।শিশেকেদি বলেন, ‘আমি মনে করি, দেশের জনগণের জন্য এই ফল ঘোষণা একটি উসকানি বৈকি। এই ফল আমি পুরোপুরি প্রত্যাখ্যান করছি এবং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করছি।’নির্বাচনের ফল প্রকাশের পরপরই শুক্রবার রাজধানী কিনশাসাসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এএফপি।