কাবুলে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু

আফগানিস্তানের রাজধানী কাবুলে আকস্মিক বন্যায় গতকাল রোববার ২২ জন প্রাণ হারিয়েছে। বন্যার পানিতে ওই এলাকার বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে। বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণের কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া গতকাল কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাবুলের শাকারদারা জেলার একটি গ্রাম।
গতকাল বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিভিন্ন গাড়ির যাত্রী ছিলেন। বন্যার পানির তোড়ে গাড়িগুলো ভেসে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন শিশু ও দুজন নারী রয়েছে। আহত হয়েছে অনেকে। পানির তোড়ে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। এ ছাড়া ওই এলাকার অনেক সেচ দেওয়ার খাল, কুয়া, ফলের বাগান ও জমি পানিতে তলিয়ে গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাদিক সাদিকি জানান, বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের চেষ্টা চলছে।
চলতি মাসের শুরুতে কাবুলের পূর্বাঞ্চলে আরেকটি বন্যায় ৬০ জন মারা যায়।