কাবুলে নির্বাচন কমিশন সদর দপ্তরে হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গতকাল শনিবার হামলা চালিয়েছে জঙ্গিরা। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই জঙ্গি হামলা চালানো হলো।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) মুখপাত্র নুর মোহাম্মদ নুর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইইসি সদরদপ্তরে হামলা হয়েছে। আমরা আইইসি ভবনের ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। সেখানে এখনো গোলাগুলি চলছে। তবে লোকজন নিরাপদে রয়েছেন। সবাই নিরাপদ অবস্থানে রয়েছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নারীদের পোশাক পরা কয়েকজন নির্বাচন কমিশনের সদর দপ্তরের ঢোকার পর পরই গোলাগুলি শুরু হয়। জঙ্গিরাই নারী ছদ্মবেশে ঢুকে থাকতে পারে।
তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে জানান, তালেবান সদস্যরা এই হামলা চালিয়েছে।
আফগানিস্তানে আগামী ৫ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তালেবান। তারা যোদ্ধাদের নির্বাচন কর্মকর্তা, ভোটার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা জোরদার করার আহ্বান জানিয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, তিন বা চারজন হামলাকারী একটি ভবনের দখল নিয়ে আইইসি দপ্তর লক্ষ্য করে গুলি ছুড়ছে।
এর আগে গত শুক্রবার তালেবান জঙ্গিরা কাবুলের একটি অতিথিশালায় হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ভূমিমাইনবিরোধী একটি দাতব্য সংস্থার ব্যবহূত ওই ভবনে হামলার ঘটনায় দুজন নিহত হন। এএফপি।