কাবুলে ন্যাটোর দপ্তর ও মার্কিন দূতাবাসে তালেবানের হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল মঙ্গলবার তালেবান জঙ্গিরা বোমা ও ভারী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) সদর দপ্তর, মার্কিন দূতাবাস ও আফগান গোয়েন্দা সংস্থায় সমন্বিত হামলা চালিয়েছে।হামলা শুরুর তিন ঘণ্টা পরও বন্দুকযুদ্ধ অব্যাহত ছিল। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগান সরকার একজন পুলিশ ও দুই হামলাকারীর মৃত্যু নিশ্চিত করে বলেছে, চারজনেরও বেশি জঙ্গি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।১০ বছর আগে নয়-এগারোর হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়। এর পর থেকে কাবুলের সবচেয়ে সংরক্ষিত অংশ গতকাল ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকেরা গতকাল স্থানীয় সময় বেলা দেড়টার পরপরই আইএসএএফের সদর দপ্তর ও সংলগ্ন মার্কিন দূতাবাসের কাছে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান। এএফপির এক প্রতিবেদক জানান, এ সময় আফগান পুলিশ ও সেনারা ন্যাটোর ঘাঁটি থেকে আধা কিলোমিটার দূরের আবদুল হক চত্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মর্টারের প্রচণ্ড গোলাবর্ষণ, গোলাগুলি ও বিস্ফোরণের মুখে তারা পিছু হটে।পুলিশ কর্মকর্তা গোলাম রসুল তারাখিল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কাবুলের পশ্চিমাঞ্চলে একজন আত্মঘাতী হামলাকারী মার্কিন দূতাবাসের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এক পুলিশ নিহত ও আরও দুজন আহত হয়।আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলের পশ্চিমাঞ্চলে একটি বিদ্যালয়ের সামনে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছে। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, কাবুলের কূটনৈতিক পাড়ায় চালানো ওই হামলায় তাদের কোনো কর্মকর্তার ক্ষতি হওয়ার খবর তারা পায়নি। আফগান পুলিশ বলেছে, হামলাকারীদের মধ্যে প্রায় পাঁচজন একটি নির্মাণাধীন উঁচু ভবনে অবস্থান নিয়েছে। সেখান থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গুলি বিনিময় করছে। ঘটনাস্থলের কাছেই আফগান সেনাবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।কাবুল পুলিশের অপরাধবিষয়ক তদন্তপ্রধান মোহাম্মদ জহির বলেন, সেখানে চার বা পাঁচজন লোক লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ভবনেই আছে এবং তাদের কাছে রয়েছে মর্টার, রকেট ও বন্দুক।তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘পুলিশকে লক্ষ্য করে বিমানবন্দরের কাছের একটি সড়ক এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাবুলের পশ্চিমের আরও দুটি এলাকায় আমরা হামলা শুরু করেছি।’ এএফপি ও রয়টার্স।